রানীগঞ্জ, নিজস্ব সংবাদদাতা -: পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ পর্ব শেষ হতেই কর্মস্থলে ফেরার পথে শনিবার দুর্ঘটনার কবলে পড়ল পরিযায়ী শ্রমিকবোঝাই একটি বাস। জাতীয় সড়ক-১৯-এ রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির অন্তর্গত বাঁশড়া এলাকায় ঘটে এই দুর্ঘটনা। ঘটনায় বাসের চালক, খালাসি সহ একাধিক শ্রমিক আহত হন।
প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রী নারায়ণ বাদ্যকর জানান, তারা দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা এলাকার বাসিন্দা। জীবিকার তাগিদে হরিয়ানায় কাজ করেন। ভোট দিতে গ্রামে এসে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। তাঁর দাবি, বাসের চালক ও খালাসি গুরুতরভাবে আহত হয়েছেন, যদিও অন্যান্য শ্রমিকদের আঘাত তুলনামূলকভাবে কম।
নারায়ণ আরও জানান, স্থানীয়ভাবে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবই তাদের অন্য রাজ্যে কাজ করতে যেতে বাধ্য করে। এই দুর্ঘটনা সেই বাস্তবতাকেই আরও একবার সামনে এনে দিয়েছে।
অন্য এক যাত্রী সরস্বতী ওঝা বলেন, তিনি স্বামী ও সন্তানকে নিয়ে বাসে যাত্রা করছিলেন। আচমকা দুর্ঘটনায় বাসের কাঁচ ভেঙে তাদের উপর পড়ে, ফলে তিনজনই আহত হন।
দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে যাত্রীদের অন্য একটি বাসে করে গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Reviewed by Social Tribal News Journalist
on
May 02, 2026
Rating:

No comments: