আসানসোল -: ভোটের ফল প্রকাশের পর পশ্চিম বর্ধমান জেলায় ক্রমবর্ধমান অশান্তির অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এই প্রেক্ষাপটে বুধবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দপ্তরে ডেপুটেশন জমা দিল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
দলীয় সূত্রের দাবি, জেলার একাধিক এলাকায় তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও জোর করে দলীয় কার্যালয় দখলের অভিযোগও উঠেছে।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ফল ঘোষণার আগেই বিচ্ছিন্নভাবে হামলার ঘটনা শুরু হলেও ফল প্রকাশের পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। বিভিন্ন এলাকায় পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে, নষ্ট বা লুট করা হয়েছে গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী। কিছু ক্ষেত্রে আগুন লাগানোর ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে।
এছাড়াও অভিযোগ উঠেছে, বহু কর্মী-সমর্থকের বাড়িতে হামলা চালানো হয়েছে। মহিলাদের উপর নির্যাতন, সংখ্যালঘুদের উপর চাপ সৃষ্টি এবং ব্যবসায়ীদের জোর করে আর্থিক জরিমানা দিতে বাধ্য করার মতো ঘটনাও সামনে এসেছে বলে দাবি দলের পক্ষ থেকে।
এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবিতে কমিশনারেটের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক মলয় ঘটক সাংবাদিকদের জানান, প্রতিটি অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত, এফআইআর দায়ের এবং ক্ষতিগ্রস্ত পার্টি অফিসগুলিতে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিভিন্ন ঘটনার ছবি ও ভিডিও প্রমাণ হিসেবে প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
May 06, 2026
Rating:

No comments: