Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রানীগঞ্জে দিনের আলোয় দুঃসাহসিক ছিনতাই, ব্যাঙ্ক আধিকারিকের গলা থেকে ৮ লক্ষ টাকার সোনার চেন উধাও


 রানীগঞ্জ -: রবিবার দুপুরে রানীগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে ঘটে গেল এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা। জাতীয় সড়কের ধারে ব্যস্ত এলাকায় এক বেসরকারি ব্যাঙ্কের আধিকারিকের গলা থেকে প্রায় ৫২ গ্রাম ওজনের সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় বাইক আরোহী দুই দুষ্কৃতী। ছিনতাই হওয়া চেনটির আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেসরকারি ব্যাঙ্কের আধিকারিক গুলশন কুমার অরোরা রবিবার দুপুর প্রায় ১টা ৪৫ মিনিট নাগাদ বাজার থেকে কেনাকাটা সেরে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন। জাতীয় সড়ক সংলগ্ন একটি গলিতে পৌঁছতেই দ্রুতগতিতে একটি মোটরসাইকেলে চেপে আসা দুই যুবক তাঁর কাছে এসে পড়ে। মুহূর্তের মধ্যে বাইকের পিছনে বসা যুবকটি তাঁর গলা থেকে সোনার চেনটি ছিনিয়ে নিয়ে সঙ্গীকে নিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

হতভম্ব গুলশনবাবু দুষ্কৃতীদের পিছু ধাওয়া করার চেষ্টা করলেও সেই সময় তিনি রাস্তার উপর পড়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে সাহায্য করেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক তদন্তে একটি দ্রুতগতির মোটরসাইকেলে থাকা দুই যুবকের ছবি সামনে এসেছে। তাঁদের মধ্যে একজন হেলমেট এবং অন্যজন মুখে মাস্ক পরে ছিল। ফুটেজে দেখা গিয়েছে, ঘটনাস্থল থেকে তারা পাঞ্জাবি মোড়ের দিকে পালিয়ে যায়।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস, গোয়েন্দা বিভাগের এডিসি মীর সইদুল আলি, এসিপি (সেন্ট্রাল-২) বিমান কুমার মৃধা-সহ একাধিক পদস্থ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে তদন্তের অগ্রগতি খতিয়ে দেখেন।

পুলিশ সূত্রের দাবি, এই ছিনতাই চক্রের সঙ্গে পূর্বে বাঁকুড়া ও বীরভূমে সংঘটিত একই ধরনের অপরাধের যোগ থাকতে পারে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা আগে থেকেই ব্যাঙ্ক আধিকারিকের গতিবিধির উপর নজর রেখেছিল এবং পরিকল্পিতভাবেই এই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে।

বর্তমানে অভিযুক্তদের খোঁজে বিভিন্ন এলাকায় নাকা তল্লাশি চালানো শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ আধিকারিকদের আশা, দ্রুতই এই চাঞ্চল্যকর ছিনতাই কাণ্ডের কিনারা করে অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হবে।

রানীগঞ্জে দিনের আলোয় দুঃসাহসিক ছিনতাই, ব্যাঙ্ক আধিকারিকের গলা থেকে ৮ লক্ষ টাকার সোনার চেন উধাও রানীগঞ্জে দিনের আলোয় দুঃসাহসিক ছিনতাই, ব্যাঙ্ক আধিকারিকের গলা থেকে ৮ লক্ষ টাকার সোনার চেন উধাও Reviewed by Social Tribal News Journalist on May 31, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.