সরকারি জমিতে অবৈধ দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, ৩১ মে ভাঙা হবে বেআইনি নির্মাণ আসানসোল পুরনিগমের অভিযানে তৎপর প্রশাসন, মোতায়েন থাকবে পুলিশ ও ম্যাজিস্ট্রেট
আসানসোল -: সরকারি জমি দখল করে তৈরি হওয়া অবৈধ নির্মাণের বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিল আসানসোল পুরনিগম। জিটি রোডের আশ্রম মোড় সংলগ্ন ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে সরকারি জমির উপর গড়ে ওঠা একটি বেআইনি কাঠামো আগামী ৩১ মে সকাল সাড়ে ১১টায় ভেঙে ফেলার নির্দেশ জারি করেছে পুরনিগম কর্তৃপক্ষ। এই নির্দেশকে ঘিরে ইতিমধ্যেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুরনিগম সূত্রে জানা গিয়েছে, ৪৩ নম্বর ওয়ার্ডের তালপুকুরিয়া বাইলেন এলাকার বাসিন্দা জাভেদ ইকবাল-সহ একাধিক ব্যক্তি যৌথভাবে অভিযোগ দায়ের করেছিলেন যে, জিটি রোডের সরকারি জমি দখল করে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুরনিগমের ইঞ্জিনিয়ারিং বিভাগ। তদন্তে অভিযোগের সত্যতা মিলতেই উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, রাবিউল ইসলাম নামে এক ব্যক্তি সরকারি জমির উপর বেআইনিভাবে ওই কাঠামো নির্মাণ করেন। এর ফলে সাধারণ পথচারীদের চলাচলে সমস্যা তৈরি হচ্ছিল এবং এলাকায় যানবাহন চলাচলেও বাধা সৃষ্টি হচ্ছিল বলে দাবি স্থানীয়দের।
২৭ মে জারি হওয়া নির্দেশিকায় সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। অভিযানের দায়িত্বে থাকছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর. কে. শ্রীবাস্তভ , অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নয়ন নস্কর, বরো-৪ এর সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার কেদার নাথ মণ্ডল এবং অ্যাক্টিং স্যানিটারি ইন্সপেক্টর। উচ্ছেদ অভিযানের জন্য জেসিবি মেশিন, শ্রমিক ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থাও করতে বলা হয়েছে।
এদিকে, অভিযানকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য প্রশাসনও সতর্ক রয়েছে। মেয়র, পুলিশ কমিশনার, জেলা শাসক, ডেপুটি মেয়র ও এসডিএম-কে নির্দেশের কপি পাঠানো হয়েছে। পাশাপাশি, অভিযানের সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতায়েনের আবেদন জানানো হয়েছে।
পুরনিগমের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে— সরকারি জমিতে কোনও ধরনের অবৈধ দখল বা নির্মাণ বরদাস্ত করা হবে না। প্রশাসনিক সূত্রের খবর, শহরের বিভিন্ন এলাকায় সরকারি জমি দখলমুক্ত করতে আগামী দিনেও আরও একাধিক অভিযান চালানো হতে পারে।
আগামী ৩১ মে নির্ধারিত উচ্ছেদ অভিযান ঘিরে এখন রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও জোর আলোচনা শুরু হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
May 27, 2026
Rating:

No comments: