কলকাতা -: বহু প্রতীক্ষিত ও রাজ্য সরকারের অন্যতম উচ্চাভিলাষী ‘অন্নপূর্ণা প্রকল্প’ অবশেষে আনুষ্ঠানিকভাবে চালু হল। বুধবার সন্ধ্যা থেকেই এই প্রকল্পের ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন। পাশাপাশি রাজ্যের মহিলাদের উদ্দেশে তিনি আবেদন জানান, ফর্ম জমা দেওয়া নিয়ে অযথা ভিড় বা আতঙ্কের কোনও প্রয়োজন নেই।
মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, “অন্নপূর্ণা প্রকল্পে সকল যোগ্য উপভোক্তার নাম নথিভুক্ত না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগের মতোই মিলবে। কারও অর্থ বন্ধ হবে না।” ফলে এই নতুন প্রকল্প চালু হওয়ার পরেও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা আপাতত চালু থাকবে বলেই আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।
সরকারি সূত্রে জানা গিয়েছে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ও প্রয়োজনীয় মহিলারাই এই প্রকল্পের মূল সুবিধাভোগী হবেন। মুখ্যমন্ত্রী আরও জানান, ট্রাইবুনাল বা CAA-র অধীনে আবেদনকারীরাও নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করলে এই প্রকল্পের আওতায় আসতে পারবেন।
প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে এবার কড়া নিয়মও জারি করেছে সরকার। অন্নপূর্ণা প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে DBT পদ্ধতির মাধ্যমে পাঠানো হবে। এজন্য আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় থাকাও জরুরি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাদের আধার সংযুক্ত নয়, তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হবে না। তাই দ্রুত আধার লিঙ্ক করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি বলেন, “সরকারের লক্ষ্য একটাই— প্রকৃত প্রয়োজনীয় মহিলাদের হাতে সরকারি সাহায্যের অর্থ পৌঁছে দেওয়া। প্রকল্পে কোনও রকম দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না।”
মানুষের সুবিধার্থে রাজ্যের প্রতিটি জেলায় বিশেষ ‘অন্নপূর্ণা হেল্প ডেস্ক’ তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। BDO, SDO অফিসের পাশাপাশি পুরসভা ও পৌরনিগম কার্যালয়ে এই হেল্প ডেস্ক চালু করা হবে। সেখানে ফর্ম পূরণ, নথি যাচাই ও আধার লিঙ্ক সংক্রান্ত সহায়তা মিলবে।
উল্লেখ্য, অন্নপূর্ণা প্রকল্পকে রাজ্য সরকারের নতুন ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে দেখা হচ্ছে। অনেকের মতে, এটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সম্প্রসারিত রূপ। সরকারের দাবি, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষাধিক পরিবার সরাসরি উপকৃত হবে।
বর্তমানে অনলাইন ও অফলাইন— দুই মাধ্যমেই ফর্ম জমা নেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট শেষ তারিখ ঘোষণা করা হয়নি বলেও জানিয়েছে প্রশাসন।
Reviewed by Social Tribal News Journalist
on
May 27, 2026
Rating:

No comments: