রানীগঞ্জ বোরো অফিস থেকেও সরল মমতার ছবি, জায়গা নিল রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও নতুন মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি
রানীগঞ্জ, নিজস্ব সংবাদদাতা -: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর প্রশাসনিক স্তরে পরিবর্তনের প্রভাব এবার স্পষ্টভাবে ধরা পড়ল রানীগঞ্জেও। আসানসোল পুরনিগমের মেয়র দফতরের পর এবার রানীগঞ্জের ২ নম্বর বোরো অফিস থেকেও সরিয়ে ফেলা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তার পরিবর্তে দফতরে টাঙানো হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিকৃতি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা।
বুধবার বিজেপির রানীগঞ্জ শহর মণ্ডল সভাপতি শামশের সিং এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বোরো চেয়ারম্যান মুজাম্মিল হুসেন শাহজাদার সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিজেপি জেলা কমিটির সদস্য মনোজ ওঝা, আনন্দ সাউ, বাদশাহ চট্টোপাধ্যায়, মনু বর্মা-সহ একাধিক নেতা-কর্মী।
বিজেপি নেতৃত্বের দাবি, সরকারি দফতরে শুধুমাত্র সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের ছবিই থাকা উচিত। সেই দাবির পরই বোরো অফিসের চেম্বার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে নতুন করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রীর ছবি টাঙানো হয়।
এই প্রসঙ্গে শামশের সিং কড়া ভাষায় বলেন, “সরকারি অফিস কোনও রাজনৈতিক দলের ব্যক্তিগত কার্যালয় নয়। প্রশাসনিক নিয়ম মেনেই সরকারি দফতরে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রীর ছবিই থাকা উচিত।”
ঘটনার পর থেকেই রানীগঞ্জ জুড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ক্ষমতার পরিবর্তনের পর প্রশাসনিক কাঠামোতেও যে দ্রুত বদলের ছাপ পড়তে শুরু করেছে, এই ঘটনাই তার বড় উদাহরণ।
Reviewed by Social Tribal News Journalist
on
May 20, 2026
Rating:


No comments: