Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রানীগঞ্জের উজ্জ্বল নক্ষত্র দুর্গা নাগ, ছোট্ট বয়সেই বড় সাফল্যের ইঙ্গিত



 নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: মাত্র ১০ বছর বয়স। পড়াশোনা করছে পঞ্চম শ্রেণিতে। কিন্তু এই অল্প বয়সেই নিজের সুমধুর কণ্ঠে ভজন গেয়ে রানীগঞ্জ শিল্পাঞ্চলের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে ছোট্ট দুর্গা নাগ। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থানার রাজবাড়ি এলাকার বাবুপাড়ার বাসিন্দা দুর্গা বর্তমানে রানীগঞ্জের এক পরিচিত নাম হয়ে উঠেছে।

রানীগঞ্জের সিয়াড়শোল গার্লস হাই স্কুলের ছাত্রী দুর্গা ছোটবেলা থেকেই গানকে ভালোবাসে। বিশেষ করে ভজন গানের প্রতি তার আলাদা টান। তার কণ্ঠে “আজা মেরি কানহাইয়া বিন মাঝি কে সহারে” এবং “তিন বানকে ধারি তিনবান চালাও না মাত”–এর মতো ভজন ইতিমধ্যেই মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

প্রায়শই রানীগঞ্জের বাবা খাটু শ্যাম মন্দিরে তার ভজন পরিবেশনা শুনতে ভিড় জমায় বহু মানুষ। দুর্গার কণ্ঠে ভজন শুনে মুগ্ধ হয়ে পড়েন দর্শনার্থী থেকে শুরু করে মন্দির কমিটির সদস্যরাও। ছোট্ট এই শিল্পীর গান এলাকাজুড়ে এক অন্যরকম ভক্তিময় পরিবেশ তৈরি করে।

জানা গেছে, গত এক বছরে ১০০-রও বেশি ভজন গান পরিবেশন করেছে দুর্গা। গান করার পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে পড়াশোনাও চালিয়ে যাচ্ছে সে। তবে পরিবারের আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় মেয়ের প্রতিভাকে বড় মঞ্চে পৌঁছে দেওয়া সহজ ছিল না। তবুও হাল ছাড়েননি দুর্গার মা-বাবা। মেয়ের স্বপ্ন পূরণে তারা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দুর্গার প্রতিভায় মুগ্ধ হয়ে ইতিমধ্যেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সমাজের একাধিক বিশিষ্ট ব্যক্তি। তাঁদের মধ্যে রয়েছেন পবন কেজরিওয়াল, বিষ্ণু সরাফ, বিমল সরাফ, বিনোদ বানসাল, পাপ্পু মাটলিয়া, ব্রিজেশ আগারওয়াল ও সন্দীপ শর্মা সহ আরও অনেকে।

খুব শীঘ্রই প্রকাশ পেতে চলেছে দুর্গা নাগের নতুন ভজন গান “দো বুন্দ কা খাজানা”। এই গান ঘিরেও ইতিমধ্যেই উৎসাহ দেখা দিয়েছে এলাকায়।

দুর্গার বাবা সন্দ্বীপ নাগ জানান, “আমার দুই মেয়েই গান খুব ভালোবাসে। আমি একসময় বাউল গান করতাম। কিন্তু সংসারের চাপে নিজের স্বপ্ন পূরণ করতে পারিনি। এখন চাই আমার দুই মেয়ে বড় শিল্পী হোক। ছোট মেয়ে দুর্গা প্রথমে বাউল গান গাইত। পরে তার প্রতিভা দেখে আরও ভালো ট্রেনিং দিতে শুরু করি। আজ ও এত মানুষের ভালোবাসা পাচ্ছে দেখে খুব আনন্দ হয়। আমি বিশ্বাস করি, সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে ও অনেক দূর এগিয়ে যাবে।”

মাত্র ১০ বছর বয়সে দুর্গা নাগ যেভাবে নিজের প্রতিভার পরিচয় দিচ্ছে, তাতে রানীগঞ্জবাসীর আশা— আগামী দিনে এই ছোট্ট শিল্পী আরও বড় মঞ্চে পৌঁছে জেলার নাম উজ্জ্বল করবে।

রানীগঞ্জের উজ্জ্বল নক্ষত্র দুর্গা নাগ, ছোট্ট বয়সেই বড় সাফল্যের ইঙ্গিত রানীগঞ্জের উজ্জ্বল নক্ষত্র দুর্গা নাগ, ছোট্ট বয়সেই বড় সাফল্যের ইঙ্গিত Reviewed by Social Tribal News Journalist on May 25, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.