বার্নপুর গুরুদ্বারা স্কুলে অনিয়মের অভিযোগ, সরব বিজেপি অতিরিক্ত ফি আদায় থেকে প্রশাসনিক দুর্নীতির অভিযোগে প্রিন্সিপালের সঙ্গে বৈঠক, তদন্তের দাবি
আসানসোল -: বার্নপুরের গুরুদ্বারা স্কুলকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগে সরব হল বিজেপি। মঙ্গলবার বিজেপির একটি প্রতিনিধি দল স্কুলে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিজেপি মাইনরিটি মোর্চার নেতা আনমোল সিং, বিজেপি আসানসোল দক্ষিণ মণ্ডল-২-এর সভাপতি রামানন্দ সাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিজেপি সূত্রে দাবি, গত কয়েকদিন ধরে স্কুলের অভিভাবকদের কাছ থেকে লাগাতার অভিযোগ আসছিল। অভিযোগের মূল কেন্দ্রবিন্দু অতিরিক্ত ফি আদায়, মিড-ডে মিল পরিষেবায় অনিয়ম এবং প্রশাসনিক স্বচ্ছতার অভাব। সেই অভিযোগের ভিত্তিতেই প্রতিনিধি দল স্কুলে পৌঁছে পরিস্থিতির খোঁজখবর নেয় এবং প্রিন্সিপালের সঙ্গে দীর্ঘ আলোচনা করে।
বিজেপি মাইনরিটি মোর্চার নেতা আনমোল সিং অভিযোগ করেন, সরকারি নিয়ম অনুযায়ী যেখানে ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রায় ২৪০ টাকা ফি নেওয়ার কথা, সেখানে স্কুল কর্তৃপক্ষ প্রায় ২৫০০ টাকা পর্যন্ত আদায় করছে। তাঁর দাবি, স্কুলে দীর্ঘদিন ধরেই বিভিন্ন স্তরে অনিয়ম ও দুর্নীতি চলছে, যার ফলে সাধারণ অভিভাবকদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
তিনি আরও অভিযোগ করেন, স্কুল পরিচালন সমিতিতে দীর্ঘদিন ধরে শাসকদলের ঘনিষ্ঠ ব্যক্তিরা থাকায় প্রশাসনিক স্বচ্ছতা প্রশ্নের মুখে পড়েছে। বিজেপির পক্ষ থেকে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
অন্যদিকে বিজেপি নেতা রামানন্দ সাহ বলেন, প্রিন্সিপালের সঙ্গে আলোচনার সময় এমন বিষয়ও সামনে এসেছে যে স্থানীয় বিধায়ককে স্কুলে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রেও আপত্তি তোলা হত। তাঁর মতে, এই ধরনের ঘটনা শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাবের ইঙ্গিত দেয়।
বিজেপির হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা। পাশাপাশি বিষয়টি প্রশাসনের উচ্চস্তরে তুলে ধরে তদন্তের দাবিও জানানো হবে।
Reviewed by Social Tribal News Journalist
on
May 26, 2026
Rating:

No comments: