কালিপাহাড়ি ওয়েলকাম গেটে বড় পরিবর্তন সরানো হল ‘বিশ্ব বাংলা’ লোগো, বসতে চলেছে জাতীয় প্রতীক ‘অশোক স্তম্ভ’
আসানসোল -: আসানসোল শহরের কালিপাহাড়ি এলাকায় অবস্থিত পরিচিত “সিটি অফ ব্রাদারহুড” ওয়েলকাম গেটে মঙ্গলবার দেখা গেল বড়সড় প্রশাসনিক পরিবর্তন। ক্রেনের সাহায্যে গেটের উপরে থাকা ‘বিশ্ব বাংলা’-র বিশাল প্রতীকটি সতর্কতার সঙ্গে খুলে ফেলা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় কৌতূহল ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ সেখানে ভিড় জমান। মুহূর্তের মধ্যেই বিষয়টি শহরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্যে নতুন সরকার গঠনের পর সরকারি ভবন ও গুরুত্বপূর্ণ জনপরিসরের পরিচিতিতে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বিভিন্ন সরকারি স্থাপনা, প্রশাসনিক ভবন এবং প্রধান প্রবেশদ্বার থেকে ধাপে ধাপে ‘বিশ্ব বাংলা’ লোগো সরানোর কাজ শুরু হয়েছে।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওইসব স্থানে এবার দেশের জাতীয় প্রতীক ‘অশোক স্তম্ভ’ স্থাপন করা হবে। তারই অংশ হিসেবে মঙ্গলবার কালিপাহাড়ি ওয়েলকাম গেট থেকে পুরনো প্রতীক অপসারণ করা হয়।
প্রশাসনের এক আধিকারিক জানান, আগামী দিনে জেলার আরও একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় একই ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ এই সিদ্ধান্তকে প্রশাসনিক পরিবর্তনের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ এর রাজনৈতিক তাৎপর্য নিয়েও প্রশ্ন তুলছেন।
তবে সবমিলিয়ে, আসানসোলের প্রবেশদ্বারে এই পরিবর্তন শহরের মানুষের নজর কেড়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
Reviewed by Social Tribal News Journalist
on
May 26, 2026
Rating:


No comments: