জামুড়িয়ায় ঐতিহাসিক জয়ের পর ডাঃ বিজন মুখার্জির বার্তা—উন্নয়নই লক্ষ্য, হিংসার বিরুদ্ধে কড়া অবস্থান
জামুড়িয়া -: জামুড়িয়া বিধানসভা কেন্দ্র থেকে ঐতিহাসিক জয়ের পর ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত বিধায়ক ডাঃ বিজন মুখার্জি মঙ্গলবার তাঁর আবাসিক কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দেন। শুরুতেই তিনি এলাকার সাধারণ মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান, যাঁদের বিপুল সমর্থনে তিনি এই জয় অর্জন করেছেন।
নির্বাচনী প্রচারের অভিজ্ঞতা তুলে ধরে ডাঃ মুখার্জি বলেন, মানুষের অভূতপূর্ব সাড়া ও সমর্থন তাঁর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর কথায়, “বিজেপি সবসময়ই মানুষের স্বার্থ ও সমস্যাকে অগ্রাধিকার দিয়ে রাজনীতি করে। সেই বিশ্বাসের ওপর ভরসা রেখেই জামুড়িয়ার মানুষ আমাকে তাঁদের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন।”
নির্বাচনের ফল ঘোষণার পর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া হিংসার ঘটনাকে কেন্দ্র করে তিনি স্পষ্ট ও কড়া বার্তা দেন। তিনি বলেন, “ভারতীয় জনতা পার্টি কোনওভাবেই হিংসাকে সমর্থন করে না। আমাদের দলের আদর্শ স্বচ্ছ ও গণতান্ত্রিক রাজনীতির ওপর প্রতিষ্ঠিত, যেখানে হিংসার কোনও স্থান নেই।”
এছাড়াও, অন্য দল থেকে বিজেপিতে যোগদানের নাম করে অশান্তি তৈরির অভিযোগ প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, “এই ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। দল আগেই জানিয়ে দিয়েছে—নির্বাচনের আগে যে যেখানে ছিলেন, সেখানেই থাকা উচিত।”
দলীয় কর্মীদের উদ্দেশে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে ডাঃ মুখার্জি বলেন, “কোনও প্ররোচনায় পা না দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। জামুড়িয়ার মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন, আর সেই উন্নয়নই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
শেষে তিনি জোর দিয়ে জানান, এলাকায় শান্তি, সম্প্রীতি এবং সামাজিক ঐক্য বজায় রাখা তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার এবং সেই লক্ষ্যেই তিনি আগামী দিনে কাজ করবেন।
Reviewed by Social Tribal News Journalist
on
May 05, 2026
Rating:

No comments: