আসানসোল -: প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে উঠেছেন ইসমাইল এলাকার গুরু নানক পল্লীর বাসিন্দারা। অভিযোগ, দিনের প্রায় ১২ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে স্থানীয়দের। বারবার অভিযোগ জানিয়েও বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে স্থায়ী সমাধানের উদ্যোগ না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।
রবিবার দুপুরে পরিস্থিতি চরমে পৌঁছালে স্থানীয় বিদ্যুৎ দপ্তরের একটি গাড়ি আটক করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, এই অসহনীয় গরমে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু ও প্রবীণদের সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি পানীয় জল সরবরাহ, দৈনন্দিন কাজকর্ম এবং ব্যবসায়িক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব পড়ছে।
এলাকাবাসীর অভিযোগ, বহুদিন ধরেই এলাকায় অনিয়মিত বিদ্যুৎ পরিষেবার সমস্যা চলছে। একাধিকবার দপ্তরে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই তারা প্রতিবাদের পথে নামেন।
গাড়ি আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা। যদিও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা।
Reviewed by Social Tribal News Journalist
on
May 25, 2026
Rating:

No comments: