রাজ্যে পালাবদলের পর বালু মাফিয়াদের বিরুদ্ধে বড়সড় অভিযান ডামরায় দামোদর নদীঘাটে পুলিশের হানা, গ্রেফতার ৩ — নদীর গতিপথ বদলের অভিযোগে চাঞ্চল্য
যীশু হেমব্রম, রানীগঞ্জ -: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে এবার অবৈধ বালু ও কয়লা কারবারের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে শুরু করল প্রশাসন। বৃহস্পতিবার ভোরে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরা এলাকার দামোদর নদীঘাটে পুলিশি অভিযানে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিবেক চক্রবর্তী-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতদের বৃহস্পতিবার আসানসোল জেলা আদালতের সিজেএম কোর্টে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ডামরা এলাকায় একটি প্রভাবশালী চক্র দামোদর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ চালিয়ে আসছিল। অভিযোগ, এই চক্রের সঙ্গে বিবেক চক্রবর্তী, পাপ্পু মাঝি, দোলু, সন্তোষ রাভানি এবং এক থানার গাড়িচালক গোলুর নাম জড়িয়েছে। তদন্তকারীরা পুরো চক্রের আর্থিক লেনদেন ও রাজনৈতিক মদতের বিষয়টিও খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে।
এদিকে, আসানসোল দক্ষিণের নবনির্বাচিত বিধায়ক অগ্নিমিত্রা পাল দায়িত্ব নেওয়ার পরই দামোদর নদীর বেহাল পরিস্থিতি নিয়ে সরব হন। তাঁর অভিযোগ, বছরের পর বছর অবৈধ বালু খনন এবং দুর্নীতির জেরে নদীর স্বাভাবিক প্রবাহ কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। এর ফলে একদিকে যেমন পানীয় জলের সংকট তীব্র হয়েছে, অন্যদিকে কৃষকরাও সেচের জলের অভাবে মারাত্মক সমস্যার মুখে পড়েছেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েক মাস আগেও ডামরা নদীঘাট এলাকায় বিশাল বিশাল বালুর স্তূপ দেখা যেত। এখন সেই নদীর বুকেই মাটি জেগে উঠছে। পরিবেশবিদদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে দামোদরের জলধারণ ক্ষমতা বিপজ্জনকভাবে কমে যেতে পারে।
কৃষকদের অভিযোগ আরও গুরুতর। তাঁদের বক্তব্য, দামোদর নদী থেকে ছোট ছোট নালার মাধ্যমে যেভাবে চাষের জমিতে জল পৌঁছত, এখন সেই স্বাভাবিক প্রবাহ কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ফলে বিস্তীর্ণ এলাকায় চাষাবাদ মার খাচ্ছে।
সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ, অবৈধ বালু তোলার সুবিধার জন্য নদীর মূল স্রোত পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে শুধু পরিবেশ নয়, স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও চরমভাবে বিপর্যস্ত হয়েছে বলে অভিযোগ।
রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর এলাকাবাসীর আশা, এবার অবৈধ বালু ও কয়লা মাফিয়াদের বিরুদ্ধে শুধুমাত্র অভিযান নয়, দীর্ঘমেয়াদি ও স্থায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। একইসঙ্গে এই চক্রের নেপথ্যে থাকা প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছে সাধারণ মানুষ।
Reviewed by Social Tribal News Journalist
on
May 14, 2026
Rating:

No comments: