নিজস্ব সংবাদদাতা, কলকাতা -: পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের আবহে বিজেপির বিধায়ক দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী পদে মনোনীত হলেন শুভেন্দু অধিকারী। ঘোষণার পরই তাঁর প্রথম বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, বিজেপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা নির্দিষ্ট সময়ের মধ্যেই বাস্তবায়িত করা হবে।
নতুন সরকারের অগ্রাধিকার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নের পাশাপাশি শক্তিশালী আইন-শৃঙ্খলা ব্যবস্থা গড়ে তোলাই হবে সরকারের মূল লক্ষ্য। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর এই সাফল্য এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
নিজের ভাষণে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানান। অমিত শাহকে তিনি “আধুনিক রাজনীতির চাণক্য” বলে উল্লেখ করেন। সভামঞ্চ থেকেই প্রধানমন্ত্রীকে সমর্থন জানিয়ে স্লোগানও তোলেন তিনি।
বিজেপির মূল মন্ত্র—“সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রচেষ্টা”—উল্লেখ করে শুভেন্দু বলেন, এই নীতির ভিত্তিতেই বাংলার উন্নয়নের রূপরেখা তৈরি হবে। তাঁর দাবি, বিজেপি এমন এক বাংলা গড়তে চায় যেখানে মানুষ ভয়মুক্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মানুষকে যে “গ্যারান্টি” দিয়েছিলেন, তা পূরণে নতুন সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর কথায়, “আমরা শুধু প্রতিশ্রুতি দিই না, তা বাস্তবায়ন করেও দেখাই।” একই সঙ্গে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও আদর্শের প্রতি সরকার ও দল শ্রদ্ধাশীল থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
ভাষণের এক পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুর-এর সেই বিখ্যাত ভাবনার উল্লেখ করেন শুভেন্দু—“যেখানে মনের উপর কোনো ভয় থাকবে না এবং মাথা থাকবে উঁচু”—এমন এক বাংলা গড়ার লক্ষ্যেই বিজেপি এগোতে চায় বলে জানান তিনি।
রাজনৈতিক মহলের মতে, ভবানীপুর কেন্দ্র থেকে মমতাব্যানার্জী-কে প্রায় ১৫ হাজার ভোটে পরাজিত করার পর থেকেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদের অন্যতম প্রধান দাবিদার হিসেবে উঠে এসেছিলেন। অবশেষে দলের ঐতিহাসিক জয়ের পর সেই জল্পনাই বাস্তব রূপ পেল।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ৯ মে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কলকাতার ব্রিগেড পেরোড গ্রাউন্ড-এ শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে।
এদিকে, অমিত শাহ জানিয়েছেন, বিধায়ক দলীয় বৈঠকে একমাত্র শুভেন্দু অধিকারীর নামই প্রস্তাবিত হয়েছিল এবং সর্বসম্মতিক্রমে তাঁকেই নেতা হিসেবে নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ২৯৩টির মধ্যে ২০৭টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ৮০টি আসনে সীমাবদ্ধ থেকেছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১৪৮টি আসন।
সব মিলিয়ে, নতুন সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রতিশ্রুতি রক্ষা করে মানুষের আস্থা অর্জন করা। আর সেই লক্ষ্য নিয়েই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন শুভেন্দু অধিকারী।
Reviewed by Social Tribal News Journalist
on
May 08, 2026
Rating:

No comments: