নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বর -: ভোটের উত্তাপ কাটতেই এবার গ্রামবাংলায় পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে নামলেন পাণ্ডবেশ্বরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। ঝাড়ু হাতে গ্রামের রাস্তা পরিষ্কার করে তিনি শুধু স্বচ্ছতার বার্তাই দিলেন না, পাশাপাশি উন্নয়ন ও সৌহার্দ্যের রাজনীতির কথাও তুলে ধরলেন।
বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার গোগলা অঞ্চলের চন্দ্রডাঙ্গা গ্রামে পৌঁছন জিতেন্দ্র তিওয়ারি। নবনির্বাচিত বিধায়ককে সামনে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন গ্রামবাসীরা। ফুল বর্ষণ করে তাঁকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। দলীয় কর্মী-সমর্থকেরা বিজেপির নির্বাচনী প্রতীক পদ্মফুল তুলে দিয়ে তাঁকে অভিনন্দন জানান।
এরপর গ্রাম পরিদর্শনের সময় আচমকাই ঝাড়ু হাতে তুলে নেন জিতেন্দ্র তিওয়ারি। নিজেই গ্রামের রাস্তা পরিষ্কার করতে শুরু করেন তিনি। বিধায়ককে এভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে পরিচ্ছন্নতার কাজে অংশ নিতে দেখে অনেকেই প্রশংসা করেন।
রাস্তা পরিষ্কারের পর গ্রামবাসীদের উদ্দেশে তিনি বলেন, “যাঁরা মোদীজিকে ভালোবাসেন, তাঁরা আজ থেকেই শপথ নিন—আমরা নিজেদের গ্রামকে পরিষ্কার ও সুন্দর রাখব। শুধু নিজের গ্রাম নয়, আশপাশের এলাকাকেও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে আমাদের।”
রাজনৈতিক প্রসঙ্গেও এদিন সংযত বার্তা দেন নবনির্বাচিত বিধায়ক। তিনি বলেন, “ওরা খারাপ কাজ করেছে বলে আমরা সেটা করব না। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। যারা আমাকে ভোট দিয়েছেন, আমি তাঁদেরও বিধায়ক। আর যারা ভোট দেননি, আমি তাঁদেরও প্রতিনিধি।”
জিতেন্দ্র তিওয়ারি আরও জানান, আগামী দিনে উন্নয়ন ও ভালো কাজের মাধ্যমেই এক এলাকা অন্য এলাকার সঙ্গে ইতিবাচক প্রতিযোগিতায় নামবে। তাঁর এই কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
May 07, 2026
Rating:


No comments: