রানীগঞ্জ -: গভীর রাতে রানীগঞ্জের পিএম মালিয়া রোড এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি পৈতৃক বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, বাড়িটি ব্যবসায়ী সীতারাম কাটারুকা-র, যিনি বহু বছর আগে পরিবার-সহ মুম্বইয়ে বসবাস শুরু করেন। দীর্ঘদিন ধরে বাড়িটি ফাঁকা ও বন্ধ পড়ে থাকায় সেই সুযোগই কাজে লাগায় দুষ্কৃতীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই বাড়ির ভিতর থেকে অস্বাভাবিক শব্দ ও নড়াচড়ার আওয়াজ শোনা যাচ্ছিল। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে সন্দেহ বাড়তে থাকে এলাকাবাসীর। এরপর স্থানীয় ব্যবসায়ী মনোজ কেসরি, রানীগঞ্জ চেম্বার অফ কমার্স-এর সভাপতি রোহিত খেতান, বিজেপি নেতা অজিত কেসরি-সহ বহু মানুষ ঘটনাস্থলে পৌঁছন।
খবর পেয়ে দ্রুত রানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভিতরে তল্লাশি চালায়। তল্লাশিতে দেখা যায়, ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে, আলমারির সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং বেশ কিছু মূল্যবান জিনিস খোয়া যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, চোরেরা সম্ভবত কয়েকদিন ধরেই ওই বাড়িটিকে আস্তানা হিসেবে ব্যবহার করছিল এবং ধীরে ধীরে চুরির ঘটনা ঘটাচ্ছিল। পুলিশের উপস্থিতির খবর পেয়েই তারা পালিয়ে যায় বলে অনুমান।
বর্তমানে রানীগঞ্জ থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চোরেরা কতদিন ধরে সেখানে ছিল ও কী পরিমাণ সামগ্রী চুরি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। দীর্ঘদিন ফাঁকা বাড়ি নিরাপত্তাহীন অবস্থায় ফেলে রাখার ঝুঁকি নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Reviewed by Social Tribal News Journalist
on
May 16, 2026
Rating:


No comments: