আসানসোলে ফিরতেই মন্ত্রী অগ্নিমিত্রা পালকে ঘিরে উচ্ছ্বাস, ১৯ নম্বর জাতীয় সড়ক জুড়ে বিজেপি কর্মীদের সম্বর্ধনা
রানীগঞ্জ -: মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শুক্রবার প্রথমবার নিজের বিধানসভা এলাকা আসানসোল দক্ষিণ-এ ফিরতেই বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে ভরে উঠল ১৯ নম্বর জাতীয় সড়ক। কলকাতার বিধানসভা থেকে দুর্গাপুর হয়ে আসানসোলে ফেরার পথে একাধিক জায়গায় তাকে সংবর্ধনা জানানো হয়। রাস্তার ধারে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে মন্ত্রী ও বিধায়িকাকে স্বাগত জানান বিজেপি কর্মী-সমর্থকরা।
এদিন অগ্নিমিত্রা পাল দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার পথে বিভিন্ন বাসস্ট্যান্ড ও এলাকায় থেমে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন। বিশেষ করে বক্তানগর এলাকায় ছিল চোখে পড়ার মতো ভিড়। রানীগঞ্জ থানার অন্তর্গত ওই এলাকায় বহু পুরুষ ও মহিলা বিজেপি কর্মী-সমর্থক ফুলের মালা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাকে সংবর্ধনা জানান। অনেককে নাচ-গানের তালে আনন্দ উদযাপন করতেও দেখা যায়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, “আমি খুব গর্ব অনুভব করছি। আসানসোল দক্ষিণের সমস্ত কর্মী ও সাধারণ মানুষ আমার পাশে রয়েছেন। আমি এলাকার মানুষের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলি একে একে পূরণ করব। আগে চাইলেও অনেক কাজ করতে পারিনি, কিন্তু এখন মানুষের জন্য আরও বেশি কাজ করার সুযোগ পেয়েছি।”
তিনি আরও বলেন, “যেসব তৃণমূল কংগ্রেস কর্মী এখনও ঘরের বাইরে রয়েছেন, তাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। তবে ২০২১ সালে বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগে যাদের বিরুদ্ধে এফআইআর রয়েছে, তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এদিন অবৈধ বালি ও কয়লা ব্যবসা নিয়েও কড়া বার্তা দেন তিনি। মন্ত্রী দাবি করেন, দীর্ঘদিন ধরে দামোদর নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও কয়লার কারবার চলছিল। এবার প্রশাসন সেইসব বেআইনি কাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। তার কথায়, “এখন আর কোনও অবৈধ কাজ চলবে না। পশ্চিমবাংলায় দুর্নীতি নয়, উন্নয়নই হবে মূল লক্ষ্য।”
এছাড়াও বক্তানগর এলাকার বেসরকারি কারখানাগুলির দূষণ নিয়েও সরব হন তিনি। অগ্নিমিত্রা পাল বলেন, “আগেও আমরা বলেছিলাম যাতে কারখানা থেকে কালো ধোঁয়া নির্গত না হয়। কিন্তু বহু ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। এর ফলে এলাকার বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এবার আর কোনওভাবেই দূষণ বরদাস্ত করা হবে না।”
Reviewed by Social Tribal News Journalist
on
May 15, 2026
Rating:


No comments: