নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: শহরের সরকারি জমিতে বেআইনি দখল ও অবৈধ নির্মাণের বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিল আসানসোল পৌর নিগম। হাটন রোড মোড় থেকে ইসমাইল মোড় পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় গড়ে ওঠা অবৈধ দখল সরাতে সংশ্লিষ্ট দখলদারদের ১৫ দিনের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে প্রশাসন। স্পষ্ট জানানো হয়েছে, এই সময়সীমা শেষ হওয়ার পর আর কোনও আবেদন, অনুরোধ বা অতিরিক্ত সময় মঞ্জুর করা হবে না। এরপর সরাসরি ভাঙচুরের অভিযান চালানো হবে।
নিগম সূত্রে জানা গিয়েছে, ১৬ মে নির্ধারিত উচ্ছেদ অভিযান স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন কয়েকজন দখলদার। তাঁদের দাবি ছিল, নিজেদের উদ্যোগে অবৈধ নির্মাণ ও দখল সরিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় প্রয়োজন। সেই আবেদনের প্রেক্ষিতে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ১৫ দিনের অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নেয় আসানসোল পৌর নিগম।
তবে প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে— এটিই শেষ সুযোগ। নির্ধারিত সময় পেরিয়ে গেলে নিগমের আধিকারিকরা এলাকায় গিয়ে পুনরায় পরিদর্শন করবেন। কোথাও সরকারি জমিতে অবৈধ দখল বা নির্মাণ চোখে পড়লে কোনও অতিরিক্ত নোটিশ ছাড়াই শুরু হবে ভাঙচুরের কাজ।
পৌর নিগম আরও জানিয়েছে, উচ্ছেদ অভিযানের সময় কোনও রকম ক্ষয়ক্ষতি বা অপ্রীতিকর পরিস্থিতির দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট দখলদারদেরই বহন করতে হবে। প্রশাসনের বক্তব্য, সরকারি জমি দখল করে কোনওভাবেই বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। শহরের উন্নয়ন, যান চলাচল স্বাভাবিক রাখা এবং সরকারি সম্পত্তি রক্ষার স্বার্থে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি।
এদিকে, নিগমের এই কঠোর অবস্থান ঘিরে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের মতে, দীর্ঘদিন ধরে সরকারি জমিতে চলতে থাকা অবৈধ দখলের বিরুদ্ধে এই অভিযান শহরের ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে।
Reviewed by Social Tribal News Journalist
on
May 15, 2026
Rating:


No comments: