বার্নপুর -: বার্নপুরের ৭৮ নম্বর ওয়ার্ড এলাকায় বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিল সেল-আইএসপি কর্তৃপক্ষ। বার্নপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই চলে ভাঙার কাজ।
জানা গিয়েছে, ওই পার্টি অফিসটি ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রের বলে পরিচিত। সেল-আইএসপি কর্তৃপক্ষের দাবি, সংস্থার জমির উপর অবৈধভাবে এই নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরেই অফিসটি সরিয়ে নেওয়ার জন্য একাধিক নোটিস পাঠানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
সেলের এক আধিকারিক জানান, আগে প্রশাসনিক সহযোগিতা না পাওয়ায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। বর্তমানে পুলিশি সহায়তায় অবৈধ দখলদারির বিরুদ্ধে কড়া অভিযান শুরু হয়েছে এবং আগামী দিনেও এই ধরনের উচ্ছেদ অভিযান চলবে।
ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এলাকায়। বিজেপির আসানসোল দক্ষিণ ওবিসি মোর্চার কনভেনর সোমু ভাণ্ডারী দাবি করেন, “এটি সম্পূর্ণ প্রশাসনিক পদক্ষেপ, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” তাঁর অভিযোগ, তৃণমূল আমলে সেল-আইএসপি, রেল ও ইসিএলের সরকারি জমিতে ব্যাপক অবৈধ দখলদারি হয়েছে। শুধু দলীয় পতাকা টাঙিয়েই সরকারি জমিকে নিজেদের সম্পত্তি হিসেবে ব্যবহার করা হত বলেও কটাক্ষ করেন তিনি।
সোমু ভাণ্ডারীর আরও দাবি, অতীতে একাধিক নোটিস জারি হলেও তৎকালীন প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে কোনও ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। বর্তমানে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসন অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে।
উল্লেখ্য, ক্ষমতার পালাবদলের পর বর্ণপুর এলাকায় এটি তৃণমূলের তৃতীয় পার্টি অফিস, যাকে অবৈধ নির্মাণের অভিযোগে ভেঙে ফেলা হল। এর আগে বাটা রোড ও মসজিদ রোড এলাকাতেও একই ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল।
Reviewed by Social Tribal News Journalist
on
May 23, 2026
Rating:

No comments: