নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: রানীগঞ্জের রাজবাড়ি মোড়ে মঙ্গলবার সন্ধ্যায় ঘটে গেল এক হৃদয়বিদারক পথ দুর্ঘটনা। দ্রুতগতির একটি মারুতি ওয়াগনআর গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন এক সাইকেল আরোহী। অভিযোগ, ধাক্কা মারার পরও গাড়ি না থামিয়ে চালক পালানোর চেষ্টা করলে আহত ব্যক্তি গাড়ির নীচে আটকে প্রায় ১০০ মিটার পর্যন্ত রাস্তায় ঘষটাতে থাকেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা প্রায় সাড়ে ৬টা নাগাদ একটি ওয়াগনআর গাড়ি রানীগঞ্জ বাজার দিক থেকে পাঞ্জাবি মোড়ের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। সেই সময় সিয়াড়সোল রাজবাড়ি মোড়ের কাছে প্রায় ৫০ বছর বয়সী এক ব্যক্তি সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। আচমকাই দ্রুতগতির গাড়িটি তাকে সজোরে ধাক্কা মারে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর গাড়ি থামানোর পরিবর্তে চালক গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। ফলে আহত সাইকেল আরোহী গাড়ির নীচে আটকে পড়ে দীর্ঘ পথ রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়। বিভীষিকাময় এই দৃশ্য দেখে স্থানীয় মানুষজন ছুটে এসে কোনওভাবে গাড়িটি থামান।
এরপর উত্তেজিত জনতা গাড়িচালককে গাড়ি থেকে নামিয়ে মারধর শুরু করে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে। পাশাপাশি স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার জেরে জাতীয় সড়ক ১৪-তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা ধরে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
ঘটনার পর ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রাজবাড়ি মোড়-সহ আশপাশের একাধিক এলাকায় ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীদের বাধ্য হয়ে রাস্তায় চলাচল করতে হচ্ছে। ভারী যানবাহনের চাপ ও বেপরোয়া গতির কারণে এলাকাটি ক্রমশ দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে।
স্থানীয়দের দাবি, অবিলম্বে রাজবাড়ি মোড় এলাকা দখলমুক্ত করা হোক এবং কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে।
Reviewed by Social Tribal News Journalist
on
May 12, 2026
Rating:

No comments: