দুর্গাপুর -: পশ্চিম বর্ধমানের দুর্গাপুর-কাঁকসা এলাকায় অবৈধ বালি ব্যবসার বিরুদ্ধে শুরু হয়েছে বড়সড় প্রশাসনিক অভিযান। অজয় নদীর তীরবর্তী একাধিক বালিঘাটে টানা তল্লাশি ও নজরদারিকে ঘিরে ইতিমধ্যেই জোর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রশাসনের এই কড়া পদক্ষেপের নেপথ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক কঠোর সতর্কবার্তা, যেখানে তিনি অবৈধ বালি কারবার ও মূল্যবৃদ্ধি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন।
দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, অবৈধ বালিঘাট বন্ধ হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণির ব্যবসায়ী কৃত্রিম সঙ্কট তৈরি করছে। তাঁর দাবি, আগে যে বালির দাম ছিল প্রায় ৮ হাজার টাকা, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার টাকায়। এর ফলে সাধারণ মানুষের পাশাপাশি নির্মাণ শিল্পও ব্যাপক সমস্যার মুখে পড়ছে। একইসঙ্গে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিত চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন তিনি।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই নড়েচড়ে বসে প্রশাসন। শুক্রবার ভোর থেকে কাঁকসা ও দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকায় শুরু হয় জোরদার অভিযান। অজয় নদীর নতুন কাঁচনপুর (বিধবিহার), শ্রীরামপুর, দুবরাজপুর কলোনি-সহ একাধিক এলাকায় চলে তল্লাশি। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক মঞ্জু কানজিলালের নেতৃত্বে মালানদিঘি ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
অভিযোগ, দীর্ঘদিন ধরেই অজয় নদীর তীরে গড়ে উঠেছিল একাধিক অবৈধ বালিঘাট। রাতের অন্ধকারে ট্রাক, ডাম্পার ও ট্র্যাক্টরের মাধ্যমে নিয়মিত বালি পাচার চলত। বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালি মজুত করে তা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ঘটনাও সামনে এসেছে। এর ফলে বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ক্ষতির মুখে পড়েছে বলে মনে করছে প্রশাসন।
রাজ্য প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অবৈধ বালি, পাথর ও কয়লা পাচারের বিরুদ্ধে ‘নো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কোনও ধরনের অবৈধ ব্যবসা বরদাস্ত করা হবে না। আগামী দিনেও নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হবে বলে জানানো হয়েছে।
এই অভিযানের জেরে কাঁকসা-দুর্গাপুর জুড়ে এখন জোর আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের একাংশ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে অবৈধ বালি কারবারে এলাকার পরিবেশ ও সরকারি সম্পদ দু’টিই ক্ষতিগ্রস্ত হচ্ছিল। অন্যদিকে, অভিযানের জেরে অবৈধ কারবারের সঙ্গে যুক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বলেও স্থানীয় সূত্রে খবর।
প্রশাসনের স্পষ্ট বার্তা— আইনের ঊর্ধ্বে কেউ নয়, অবৈধ কারবারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে আগামী দিনে।
Reviewed by Social Tribal News Journalist
on
May 22, 2026
Rating:

No comments: