কুনুস্তোড়িয়া কয়লাখনিতে ভয়াবহ এয়ার ব্লাস্ট আহত ৪০-এর বেশি শ্রমিক, মৃত্যু ঘিরে চাঞ্চল্য; নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: জামুড়িয়া থানার অন্তর্গত ইসিএল-এর কুনুস্তোড়িয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভূগর্ভস্থ কয়লাখনিতে ভয়াবহ এয়ার ব্লাস্টের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শিল্পাঞ্চলে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪০ জনেরও বেশি খনি শ্রমিক। পাশাপাশি এক শ্রমিকের মৃত্যুর খবর সামনে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও মৃতের বিষয়ে এখনও পর্যন্ত ইসিএল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার প্রথম শিফটে খনির ২৭ নম্বর সেকশনে শ্রমিকরা কয়লা কাটার কাজে নিযুক্ত ছিলেন। সেই সময় আচমকাই খনির একটি স্তর থেকে প্রবল এয়ার ব্লাস্ট হয়। মুহূর্তের মধ্যে তীব্র বায়ুচাপ সৃষ্টি হলে খনির ভিতরে থাকা শ্রমিকরা ছিটকে পড়ে গুরুতর জখম হন। আহতদের মধ্যে বেশ কয়েকজন ঠিকাশ্রমিকও রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পরই খনির ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজে নামে খনি কর্তৃপক্ষ। পরে ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ ও ইসিএল-এর উচ্চপদস্থ আধিকারিকরা। আহত শ্রমিকদের উদ্ধার করে রানীগঞ্জের ইসিএল বাঁশড়া এরিয়া হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, কয়েকজন শ্রমিকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
এই ভয়াবহ দুর্ঘটনার পর খনির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে শ্রমিক সংগঠনগুলি। তাদের অভিযোগ, খনি কর্তৃপক্ষের গাফিলতি ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবেই এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনার প্রতিবাদে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভও দেখানো হয়।
অন্যদিকে আহত ও মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের দাবি, ইসিএল কর্তৃপক্ষকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং পরিবারের একজন সদস্যকে চাকরির ব্যবস্থা করতে হবে।
ঘটনা প্রসঙ্গে জামুড়িয়া বিধানসভার বিধায়ক ডা. বিজন মুখার্জির ভাই সুজন মুখার্জি বলেন, “দুর্ঘটনায় আক্রান্ত সমস্ত শ্রমিক পরিবারের পাশে আমরা রয়েছি। মৃত শ্রমিকের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ ও চাকরির ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাঁদের পাশে থাকব।”
যদিও ইসিএল-এর উচ্চপদস্থ আধিকারিকদের দাবি, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।
Reviewed by Social Tribal News Journalist
on
May 14, 2026
Rating:


No comments: