Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

আদিবাসী পড়ুয়াদের উচ্চশিক্ষায় উৎসাহ, বার্নপুরে চতুর্থ বর্ষের সেমিনারে ভিড় সাতশোর বেশি ছাত্রছাত্রীর

 


সাগেন মান্ডি, আসানসোল -: আদিবাসী সমাজের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা ও চাকরিমুখী শিক্ষার প্রতি আরও উৎসাহিত করতে রবিবার বার্নপুরের ভারতী ভবনে অনুষ্ঠিত হল আদিবাসী স্টুডেন্ট অ্যান্ড ইয়ুথ ফোরামের উদ্যোগে বিশেষ শিক্ষামূলক সেমিনার। এ বছর নিয়ে চতুর্থ বর্ষে পা দিল এই উদ্যোগ। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ সাতশোরও বেশি ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকদের উপস্থিতিতে ভরে ওঠে সভাকক্ষ।

সেমিনারের মূল উদ্দেশ্য ছিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পর ছাত্রছাত্রীরা কোন কোন উচ্চশিক্ষার ক্ষেত্রে এগোতে পারে, কোথায় বিভিন্ন কোর্স করানো হয় এবং সরকারি চাকরির প্রস্তুতি কীভাবে নেওয়া সম্ভব— সেই বিষয়ে সঠিক দিশা দেখানো। উদ্যোক্তাদের দাবি, আদিবাসী সমাজের বহু মেধাবী পড়ুয়া এখনও তথ্যের অভাবে উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়ে। সেই বাধা দূর করতেই এই উদ্যোগ।

অনুষ্ঠান সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় লাকচার সেমলেৎ, পশ্চিম বর্ধমান মঞ্জহী মাপাজি মান্ডয়া এবং অল আদিবাসী কো-অর্ডিনেশন কমিটি। সেমিনারে উপস্থিত বিশিষ্টজনেরা ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা, আধুনিক প্রযুক্তিনির্ভর পড়াশোনা এবং চাকরির প্রস্তুতি নিয়ে বিস্তারিত পরামর্শ দেন। উপস্থিত ছিলেন ডঃ নগেন্দ্রনাথ সরেন, দুর্গাদাস সরেন, মতিলাল সরেন, রামলাল টুডু, শোভন দুয়ারী, কুন্তল দাস, সৌরভ চ্যাটার্জী, আলি জিন্না-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

আদিবাসী স্টুডেন্ট অ্যান্ড ইয়ুথ ফোরামের তরফে উপস্থিত ছিলেন হীরালাল সরেন, লক্ষিন্দ মার্ডি, বলরাম টুডু, সঞ্জয় হাঁসদা, মালতি কিস্কু, দুর্গাদাস মূর্মু-সহ সংগঠনের বহু কর্মী ও সমর্থক।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী ও আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, “আমি এখানে কোনও মন্ত্রী বা বিধায়ক হিসেবে আসিনি, দিদিভাই হিসেবে এসেছি। এটি কোনও সরকারি কর্মসূচি নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার এক গুরুত্বপূর্ণ অঙ্গীকারের দিন। শিক্ষা এমন এক শক্তি, যা একটি পরিবার থেকে শুরু করে গোটা সমাজ ও জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে।”

তিনি আরও বলেন, অতীতে প্রতিভা থাকা সত্ত্বেও আদিবাসী সমাজের বহু পড়ুয়া সুযোগের অভাবে পিছিয়ে পড়তেন। বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগে আবাসিক বিদ্যালয়, আধুনিক শিক্ষাব্যবস্থা এবং ক্রীড়া প্রশিক্ষণের সুযোগ বেড়েছে। এখন আদিবাসী সমাজের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা, তথ্যপ্রযুক্তি এবং খেলাধুলার ক্ষেত্রেও ক্রমশ এগিয়ে আসছে। কেন্দ্র সরকারও লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে কোনও আদিবাসী সম্প্রদায় শিক্ষার মূলস্রোত থেকে বিচ্ছিন্ন না থাকে।

সেমিনারের শেষে পড়ুয়াদের মধ্যে উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিভিন্ন তথ্যপত্র বিতরণ করা হয়। আয়োজকদের দাবি, আগামী দিনে আরও বড় পরিসরে এই ধরনের শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হবে।

আদিবাসী পড়ুয়াদের উচ্চশিক্ষায় উৎসাহ, বার্নপুরে চতুর্থ বর্ষের সেমিনারে ভিড় সাতশোর বেশি ছাত্রছাত্রীর আদিবাসী পড়ুয়াদের উচ্চশিক্ষায় উৎসাহ, বার্নপুরে চতুর্থ বর্ষের সেমিনারে ভিড় সাতশোর বেশি ছাত্রছাত্রীর Reviewed by Social Tribal News Journalist on May 24, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.