নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: শনিবার শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে শিল্পাঞ্চল রানীগঞ্জ জুড়ে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫তম জন্মজয়ন্তী। এদিন রানীগঞ্জের সিয়াড়সোল রাজবাড়ি মোড় সংলগ্ন কবিগুরুর মূর্তিতে মাল্যদান ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করে শিল্পাঞ্চলের অন্যতম প্রতিষ্ঠিত আবৃত্তি প্রশিক্ষণ সংস্থা “আবৃত্তি একাডেমি রানীগঞ্জ”।
সংস্থার পক্ষ থেকে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করেন রানীগঞ্জের প্রাক্তন পৌরপিতা অনুপ মিত্র, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ কুমার নন্দী, সলিল কুমার সিনহা, বলরাম রায়, শিক্ষক গুণময় ফৌজদার, শিক্ষক দুলাল কর্মকার, কবি অচিন্ত্য মণ্ডল এবং আবৃত্তি একাডেমি রানীগঞ্জের কর্ণধার অভিজিৎ দে-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এরপর রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে একাডেমির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক সুসংগঠিত শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সিয়াড়সোল অনাথ কালী মন্দির সংলগ্ন চারমাথা মোড় পর্যন্ত পরিক্রমা করে। পথে সুবর্ণ জয়ন্তী মঞ্চ সংলগ্ন কাজী নজরুল ইসলাম-এর মূর্তিতেও মাল্যদান করা হয়।
আবৃত্তি একাডেমি রানীগঞ্জের কর্ণধার অভিজিৎ দে জানান, প্রতিবছরই তাঁরা কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। কবিতা, আবৃত্তি ও কবি প্রণাম অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদিন মুখরিত হয়ে ওঠে একাডেমির পরিবেশ।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রচেতনা ও বাংলা সংস্কৃতিকে পৌঁছে দিতেই তাঁদের এই উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হচ্ছে।
Reviewed by Social Tribal News Journalist
on
May 09, 2026
Rating:

No comments: