Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

ফরিদপুরে তৃণমূল ব্লক সভাপতি গ্রেফতার, রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য


 দুর্গাপুর -: দুর্গাপুর-ফরিদপুর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি শতদীপ ঘটকের গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ফরিদপুর-লাউদোহা এলাকা। প্রতারণা, নির্বাচন পরবর্তী হিংসা, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং বিরোধী কর্মীদের ভয় দেখানোর মতো একাধিক অভিযোগে রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে ফরিদপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি, রাজনৈতিক প্রভাব খাটানো এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর চাপ সৃষ্টি করার অভিযোগ উঠছিল শতদীপ ঘটকের বিরুদ্ধে। বিশেষ করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় ও তার পরবর্তী পর্যায়ে একাধিক অশান্তির ঘটনায় তাঁর নাম জড়ায় বলে অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, বহুবার অভিযোগ জানানো হলেও এতদিন পর্যন্ত প্রশাসনের তরফে দৃশ্যমান কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

তবে সাম্প্রতিক সময়ে রাজ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কড়া অবস্থানের জেরে বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়েছে। সেই ধারাবাহিকতাতেই ফরিদপুর থানার পুলিশ রবিবার রাতে লাউদোহা এলাকায় অভিযান চালিয়ে শতদীপ ঘটককে আটক করে বলে খবর।

গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে।

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শতদীপ ঘটক। তাঁর দাবি, “এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। আমাকে কেন গ্রেফতার করা হয়েছে, তা আমিও জানি না। ২০২১ সালের ঘটনার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমার ভাবমূর্তি নষ্ট করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিরোধীদের একাংশ যেখানে পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, সেখানে তৃণমূলের একাংশ এই গ্রেফতারিকে রাজনৈতিক প্রতিহিংসার উদাহরণ বলেই দাবি করছে। বর্তমানে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফরিদপুরে তৃণমূল ব্লক সভাপতি গ্রেফতার, রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ফরিদপুরে তৃণমূল ব্লক সভাপতি গ্রেফতার, রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য Reviewed by Social Tribal News Journalist on May 18, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.