কলকাতা -: পশ্চিমবঙ্গ সরকারের নতুন ‘অন্নপূর্ণা’ প্রকল্প নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে ১১ পাতার আবেদনপত্র প্রকাশ করেন। জানানো হয়েছে, আগামী ১ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হবে এবং পরবর্তী তিন মাস ধরে চলবে এই প্রক্রিয়া।
সরকারের প্রকাশ করা ফর্মে আবেদনকারী এবং তাঁর পরিবারের সদস্যদের বিস্তারিত ব্যক্তিগত ও আর্থিক তথ্য চাওয়া হয়েছে। পরিবারের প্রধানের নাম, জন্মতারিখ, ঠিকানা, আধার নম্বর এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি পরিবারের প্রতিটি সদস্যের নাম, সম্পর্ক এবং আধার সংক্রান্ত তথ্যও জমা দিতে হবে।
ফর্ম অনুযায়ী পরিবারের প্রতিটি প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে এবং সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা আবশ্যক। এছাড়াও ভোটার কার্ড নম্বর, বিধানসভা কেন্দ্র, পার্ট নম্বর এবং ডিজিটাল রেশন কার্ডের তথ্যও জমা দিতে হবে।
আবেদনকারীদের জানাতে হবে পরিবারের পাকা বাড়ি আছে কি না, কত জমি রয়েছে এবং সেই জমির রেজিস্ট্রেশন ও মিউটেশনের নথি জমা দিতে হবে। পরিবারের কোনও সদস্যের নামে চার চাকার গাড়ি থাকলে তার তথ্যও উল্লেখ করতে হবে।
ফর্মে পরিবারের বার্ষিক আয়, পেশা, প্যান কার্ড, স্বাস্থ্য বিমা এবং আগে থেকে কোনও সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া হচ্ছে কি না, সেই তথ্যও চাওয়া হয়েছে। পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট শংসাপত্রও জমা দিতে হবে।
সরকার আবেদনপত্রে সিএএ-র অধীনে নাগরিকত্বের আবেদন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সুবিধা, এসআইআর-এ নাম বাদ পড়া এবং ট্রাইব্যুনালে আবেদন সংক্রান্ত তথ্যও অন্তর্ভুক্ত করেছে। পাশাপাশি পরিবারের শিশুদের স্কুলের নাম ও টিকাকরণের তথ্যও দিতে হবে।
সরকার জানিয়েছে, আবেদন অনলাইন এবং অফলাইন—দুই মাধ্যমেই করা যাবে। যাঁরা নিজেরা ফর্ম পূরণ করতে পারবেন না, তাঁদের সাহায্যের জন্য সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সহায়তা করবেন। বিধায়কদেরও এই কাজে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের দাবি, এই প্রকল্পের মাধ্যমে পরিবারের পূর্ণ সামাজিক ও অর্থনৈতিক ডেটাবেস তৈরি করা হবে, যা ভবিষ্যতে অন্যান্য সরকারি প্রকল্পে কাজে লাগবে। তবে বিরোধী দল এবং সাধারণ মানুষের একাংশের অভিযোগ, এত বেশি নথি ও তথ্য চাওয়ায় আবেদন প্রক্রিয়া সাধারণ মানুষের জন্য জটিল হয়ে উঠতে পারে।
Reviewed by Social Tribal News Journalist
on
May 28, 2026
Rating:

No comments: