নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: ভোট শেষ। রাজনৈতিক উত্তাপ কিছুটা স্তিমিত হলেও পশ্চিম বর্ধমানের কয়লা বলয়ে ফের মাথাচাড়া দিতে শুরু করেছে পুরনো আতঙ্ক—‘কয়লা সিন্ডিকেট’ ও তোলাবাজির অভিযোগ। জামুড়িয়া, পাণ্ডবেশ্বর ও রানীগঞ্জের বিস্তীর্ণ কয়লা এলাকাজুড়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে তথাকথিত ডিও-ভিত্তিক রংদারি চক্র—এমনই দাবি স্থানীয় ব্যবসায়ী ও সূত্র মহলের।
কয়লা শিল্পাঞ্চলের অন্দরমহলে এখন সবচেয়ে বেশি চর্চিত শব্দ—“ডিও”। অর্থাৎ অনুমোদিত ডেলিভারি অর্ডারের মাধ্যমে কয়লা সরবরাহের সরকারি ব্যবস্থা। কিন্তু অভিযোগ, এই বৈধ ব্যবস্থার আড়ালেই দীর্ঘদিন ধরে চলছে কোটি টাকার অবৈধ তোলাবাজির কারবার।
স্থানীয় সূত্রের দাবি, কয়লা বোঝাই প্রতিটি ট্রাক কিংবা প্রতি টন কয়লার উপর নির্দিষ্ট অঙ্কের ‘কাটমানি’ আদায় করা হচ্ছে। অভিযোগের তির, এলাকাভিত্তিক কিছু প্রভাবশালী গোষ্ঠীর দিকে। সূত্রের খবর, প্রতি টনে ১৬৫০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত অবৈধ অর্থ আদায় করা হচ্ছে। ফলে প্রতিদিন লক্ষাধিক টাকার লেনদেন হচ্ছে এই চক্রের মাধ্যমে।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, বৈধ ডিও হোল্ডার ও পরিবহণ ব্যবসায়ীরাও নাকি চাপে পড়ে এই টাকা দিতে বাধ্য হচ্ছেন। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।
ইতিমধ্যেই এলাকায় “মাইজুল” ও “বিজয়” নামে দুই ব্যক্তিকে ঘিরে জোর গুঞ্জন ছড়িয়েছে। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও আনুষ্ঠানিক সত্যতা মেলেনি, তবুও স্থানীয় মহলের দাবি—নতুন করে সক্রিয় হওয়া এই চক্রের নেপথ্যে রয়েছে এক শক্তিশালী নেটওয়ার্ক।
প্রশ্ন উঠছে, রাজনৈতিক ছত্রছায়া ছাড়া এত বড় মাপের তোলাবাজি আদৌ সম্ভব কি? কারণ, বিধানসভা নির্বাচনের আগেও “কয়লা সিন্ডিকেট” ইস্যু ঘিরে সরগরম ছিল রাজ্য রাজনীতি। বিরোধীরা অভিযোগ তুলেছিল, ক্ষমতাসীনদের মদতেই চলছে কয়লা কারবারের কালো দুনিয়া। যদিও শাসকদল সেই অভিযোগ উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েই পাল্টা প্রশ্ন তোলে।
রাজনৈতিক পালাবদলের পরও যদি একই অভিযোগ ফের সামনে আসে, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—বদলেছে কি শুধুই মুখ? নাকি কয়লার কালো অর্থনীতির ভিত এখনও একই রয়ে গেছে?
আসানসোল-রানীগঞ্জ শিল্পাঞ্চলে কয়লা শুধু জ্বালানিই নয়, বহু মানুষের জীবিকা ও অর্থনীতির কেন্দ্রবিন্দু। আর সেই কয়লাকেই ঘিরে যখন বারবার ওঠে সিন্ডিকেট, তোলাবাজি ও প্রভাবশালী যোগসাজশের অভিযোগ, তখন শিল্পাঞ্চলের সাধারণ মানুষের মনে ফের একটাই প্রশ্ন ঘোরাফেরা করে—
সরকার বদলালেও কি বদলায় না কয়লার অন্ধকার দুনিয়া?
Reviewed by Social Tribal News Journalist
on
May 07, 2026
Rating:

No comments: