নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: মানবিক উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নজির দেখা গেল জামুড়িয়ায়। রবিবার জামুড়িয়া বিধানসভা এলাকার ভ্যালোটিয়া আশ্রমে বাজোরিয়া বৃদ্ধাশ্রম ট্রাস্ট এবং হনুমান চালিশা সংঘের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল এক গণবিবাহ অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের আট জোড়া ছেলে-মেয়ের বিবাহ সম্পন্ন হয়।
অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবের আবহ। উপস্থিত ছিলেন এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবী। বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবার কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে এসে নবদম্পতিদের আশীর্বাদ করেন জামুড়িয়ার বিধায়ক ডা. বিজন মুখার্জি। তাঁদের সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডা. বিজন মুখার্জি বলেন, সমাজে এখনও বহু পরিবার রয়েছে যারা আর্থিক সংকটের কারণে মেয়ের বিয়ে দিতে হিমশিম খায়। বিয়ে-যোগ্য কন্যার বিয়ে দিতে না পারলে সমাজের নানা প্রশ্ন ও চাপের মুখে পড়তে হয় পরিবারগুলিকে।
একজন বাবার সেই অসহায় যন্ত্রণা খুব কম মানুষই উপলব্ধি করতে পারেন।তিনি বলেন, “এই ধরনের গণবিবাহ অনুষ্ঠান শুধুমাত্র একটি সামাজিক উদ্যোগ নয়, বহু অসহায় পরিবারের মুখে হাসি ফোটানোর এক মহৎ প্রচেষ্টা। এর মাধ্যমে অনেক পরিবার আর্থিক চাপ থেকে মুক্তি পাবে।”এই উদ্যোগের জন্য বাজোরিয়া বৃদ্ধাশ্রম ট্রাস্ট ও হনুমান চালিশা সংঘকে ধন্যবাদ জানান তিনি।
পাশাপাশি ভ্যালোটিয়া আশ্রম কর্তৃপক্ষকেও কৃতজ্ঞতা জানান এই শুভ কাজের জন্য আশ্রম প্রাঙ্গণ ব্যবহারের সুযোগ করে দেওয়ার জন্য।ডা. মুখার্জি আরও বলেন, বিধায়ক হওয়ার পর তাঁর প্রথম অনুষ্ঠান একটি শুভ বিবাহ অনুষ্ঠান হওয়ায় তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। তাঁর কথায়, “মনে হচ্ছে ঈশ্বরও চান মানুষের সেবার মধ্য দিয়েই আমার পথচলা শুরু হোক।”
আর্থিক অনটনে আটকে থাকা স্বপ্নে নতুন আলো, জামুড়িয়ায় গণবিবাহে আট দম্পতির চার হাত এক
Reviewed by Social Tribal News Journalist
on
May 11, 2026
Rating:
Reviewed by Social Tribal News Journalist
on
May 11, 2026
Rating:

No comments: