নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: রানীগঞ্জের পরিচিত কারাটে প্রশিক্ষক মিহির বাগের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা শহর। রবিবার সকালে বাঁকুড়া জেলার কাছে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া মহল, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
জানা গিয়েছে, মিহির বাগ তাঁর পরিবারের সঙ্গে দীঘা থেকে রানীগঞ্জে ফিরছিলেন। তাঁর কারাটে প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র-ছাত্রীরা সামার ক্যাম্পে অংশ নিতে দীঘায় গিয়েছিল। তারা বাসে করে ফিরলেও মিহির বাগ স্ত্রী, কন্যা ও শাশুড়িকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে ফিরছিলেন।
সূত্রের খবর, বাঁকুড়া জেলার কাছে গাড়ির চালক আচমকাই ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে গাড়িতে থাকা সকলেই গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নামেন এবং আহতদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিহির বাগের। আহত অন্য সদস্যদের চিকিৎসা চলছে।
রানীগঞ্জে কিয়োকুশিন কাইকান কারাটে প্রশিক্ষণের ক্ষেত্রে মিহির বাগ ছিলেন এক অত্যন্ত পরিচিত ও সম্মানিত নাম। দীর্ঘদিন ধরে তিনি বহু ছাত্র-ছাত্রীকে প্রশিক্ষণ দিয়েছেন। তাঁর হাত ধরে বহু প্রতিভাবান খেলোয়াড় বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। শুধু তাই নয়, তাঁর বহু প্রাক্তন ছাত্র বর্তমানে নিজস্ব কারাটে প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করে আত্মনির্ভর হয়েছেন।
তাঁর আকস্মিক প্রয়াণে শোকাহত তাঁর অনুরাগী, ছাত্র-ছাত্রী এবং ক্রীড়াপ্রেমীরা। রানীগঞ্জের ক্রীড়া জগতে এই মৃত্যু যে এক অপূরণীয় ক্ষতি, তা বলাই বাহুল্য।
Reviewed by Social Tribal News Journalist
on
May 24, 2026
Rating:


No comments: