রানীগঞ্জ -: সমাজের উন্নয়ন, যুব সমাজের ভবিষ্যৎ, ব্যবসায়িক দিশা এবং আধ্যাত্মিক মূল্যবোধকে সামনে রেখে রানীগঞ্জে অনুষ্ঠিত হল এক বিশেষ সচেতনতামূলক সভা। পশ্চিমবঙ্গ প্রাদেশিক মারোয়াড়ি সম্মেলন ও অখিল ভারতীয় মারোয়াড়ি মহিলা সম্মেলনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার শ্রী শ্রী সীতারামজি ভবনের টপ ফ্লোরে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও উঠে আসে—রানীগঞ্জের শিক্ষিত ও প্রতিভাবান যুব সমাজের বড় অংশ কর্মসংস্থানের অভাবে কেন ভিন শহরের দিকে পাড়ি দিতে বাধ্য হচ্ছে?
অনুষ্ঠানে উপস্থিত বক্তাদের বক্তব্যে উঠে আসে, শুধু আলোচনা সভা করলেই হবে না, যুব সমাজকে বাস্তবমুখী প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির ক্ষেত্রেও সমাজ ও শিল্পমহলকে আরও সক্রিয় হতে হবে। এদিনের সভায় যুব সমাজের তুলনামূলক কম উপস্থিতি নিয়েও আক্ষেপ প্রকাশ করেন অনেকেই।
অনুষ্ঠানের সূচনা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে। জুথিকা দিদির টিম ‘শারণ্য’-র পরিবেশনায় অনুষ্ঠানের সূচনাতেই এক সাংস্কৃতিক আবহ তৈরি হয়। এরপর আন্তর্জাতিক শিল্পপতি ও মোটিভেশনাল স্পিকার বিমল পাটওয়ারি “হাউ টু স্কেল ইয়োর বিজনেস” বিষয়ের উপর বক্তব্য রাখতে গিয়ে বলেন, রানীগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় ব্যবসা ও শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা ও সাহসী উদ্যোগ গ্রহণ করতে পারলেই স্থানীয় যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের রাস্তা খুলে যেতে পারে।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিকাশ জৈন “বিজনেস গ্রোথ অ্যান্ড সেল্ফ ডেভেলপমেন্ট” বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে আত্মবিশ্বাস, সময় ব্যবস্থাপনা ও ইতিবাচক মানসিকতার উপর জোর দেন। তিনি বলেন, সময়ের সঙ্গে নিজেকে বদলাতে না পারলে উন্নতির পথও কঠিন হয়ে পড়ে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত পরিষদের মহামন্ত্রী কেদারনাথ গুপ্তা বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কাজের পাশাপাশি যুব সমাজকে দক্ষ করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণমূলক কর্মসূচিও পরিচালনা করছে সংস্থা। বর্তমান সময়ে সমাজে নেতিবাচকতার প্রভাব বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এদিন আরপি খেতান সমাজের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে যুব সমাজকে সমাজগঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান। অন্যদিকে “সংস্কারবান অভিভাবক, সংস্কৃতিমনস্ক সমাজ” বিষয়ের উপর বক্তব্য রাখতে গিয়ে ডঃ স্বামী চিদানন্দ ব্রহ্মচারীজি মহারাজ আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের সঞ্চালনা ও প্রতিবেদন উপস্থাপন করেন সভাপতি ওমপ্রকাশ বাজোরিয়া। তিনি সকল অতিথিকে স্বাগত জানান। শেষে হাই-টির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Reviewed by Social Tribal News Journalist
on
May 22, 2026
Rating:


No comments: