ভোট-পরবর্তী অশান্তি রুখতে কড়া বার্তা প্রশাসনের পশ্চিম বর্ধমানে সতর্ক জেলা প্রশাসন, গ্রেফতার প্রায় ২০০
নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: পশ্চিমবঙ্গে নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই ভোট-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কড়া অবস্থান নিল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। বুধবার আসানসোলে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক থেকে প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়— জেলার শান্তি-শৃঙ্খলা নষ্টের যে কোনও চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। আইন নিজের হাতে তুলে নিলে কাউকেই রেয়াত করা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এই উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক সুনীল কুমার সিং, পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস. পন্না বালাম এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট প্রণব কুমার।
প্রশাসনের দাবি, গোটা জেলায় নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে এবং বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। তবে ফল প্রকাশের পর কিছু এলাকায় উত্তেজনার আশঙ্কা থাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ যৌথভাবে টহলদারি চালাচ্ছে।
সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক সুনীল কুমার সিং বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”
জেলা শাসক এস. পন্না বালাম শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সাধারণ মানুষের সহযোগিতার প্রশংসা করেন। একইসঙ্গে তিনি সরকারি সম্পত্তি রক্ষা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। জেলার সমস্ত প্রশাসনিক আধিকারিকদের সর্বক্ষণ সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট প্রণব কুমার জানান, ভোট-পরবর্তী অশান্তি রুখতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর কথায়, “এখনও পর্যন্ত প্রায় ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। জোরপূর্বক দখল, ভাঙচুর বা যেকোনও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।” পাশাপাশি সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর ঘটনাতেও প্রশাসন কড়া নজর রাখছে বলে জানান তিনি।
প্রশাসনের তরফে আরও স্পষ্ট করে বলা হয়েছে, জেলার কোনও রাজনৈতিক বা ধর্মীয় স্থানে হামলা বা ভাঙচুরের ঘটনা বরদাস্ত করা হবে না। সব সম্প্রদায়ের মানুষকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।
সবমিলিয়ে, এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন পরিষ্কার বার্তা দিয়েছে— ভোট মিটলেও নজরদারি শিথিল হচ্ছে না। জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন যে সর্বতোভাবে প্রস্তুত, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল।
Reviewed by Social Tribal News Journalist
on
May 06, 2026
Rating:

No comments: