বার্নপুর -: রাজ্যে একের পর এক উচ্ছেদ অভিযানের আবহে এবার বার্নপুরে কংগ্রেস ও সিপিএমের দলীয় কার্যালয়ে বুলডোজার চালানো হল। সেল-আইএসপি কর্তৃপক্ষের উদ্যোগে শুক্রবার এই অভিযান ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কংগ্রেস অফিস সংলগ্ন শহিদ বেদি ভাঙার চেষ্টা ঘিরে কর্মী-সমর্থকদের বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সেল-আইএসপি সূত্রে জানা গিয়েছে, সংস্থার জমি দখলমুক্ত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরেই উচ্ছেদ অভিযান চলছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই বার্ণপুরের বাটা মোড়ে অবস্থিত কংগ্রেস অফিস এবং গুরুদ্বারা রোডের সিপিএম কার্যালয় ভেঙে ফেলা হয়। কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট নির্মাণগুলি সংস্থার জমির উপর অবৈধভাবে গড়ে উঠেছিল।
তবে বাটা মোড়ে কংগ্রেস অফিস ভাঙার সময় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অফিস চত্বরে থাকা একটি শহিদ বেদির দিকে বুলডোজার এগিয়ে যেতেই কংগ্রেস কর্মীরা প্রতিবাদে সরব হন। বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত প্রশাসন শহিদ বেদিটি অক্ষত রাখার সিদ্ধান্ত নেয়।
ঘটনাস্থলে উপস্থিত কংগ্রেস নেতা ও হীরাপুর ব্লক সভাপতি প্রেম সিং বলেন, “শহিদ বেদি ভাঙার চেষ্টা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটি শুধু একটি স্থাপনা নয়, বহু মানুষের আবেগ ও শ্রদ্ধার প্রতীক। এই ধরনের পদক্ষেপ গ্রহণের আগে প্রশাসনের আরও সংবেদনশীল হওয়া উচিত ছিল।”
এদিকে রাজনৈতিক কার্যালয়ের পর এবার ফুটপাথের দোকানগুলির বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানোর প্রস্তুতি শুরু করেছে আইএসপি কর্তৃপক্ষ। এই খবর সামনে আসতেই উদ্বেগে পড়েছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাঁদের দাবি, বছরের পর বছর ধরে ওইসব দোকানের উপর নির্ভর করেই বহু পরিবারের জীবিকা নির্বাহ হয়। বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ হলে বড়সড় সামাজিক ও অর্থনৈতিক সমস্যা তৈরি হতে পারে।
বার্নপুরের পরপর উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও তীব্র হয়েছে। একদিকে প্রশাসন ও কর্তৃপক্ষের দাবি, বেআইনি দখলদারি মুক্ত করতেই এই পদক্ষেপ; অন্যদিকে বিরোধীদের অভিযোগ, নির্বাচনের পর এই ধরনের অভিযানের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে।
সব মিলিয়ে বার্ণপুরে বুলডোজার অভিযান ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। আগামী দিনে ফুটপাথ ব্যবসায়ীদের উচ্ছেদ ঘিরে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর স্থানীয় বাসিন্দাদের।
Reviewed by Social Tribal News Journalist
on
May 29, 2026
Rating:

No comments: