Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

বাগডুবি থেকে মন্ত্রিসভা, আদিবাসী সমাজের নতুন মুখ ক্ষুদিরাম টুডু


 যীশু হেমব্রম, পশ্চিম বর্ধমান -: জঙ্গলমহলের লালমাটির পথ পেরিয়ে, দীর্ঘ সংগ্রাম আর আদিবাসী সমাজকে সংগঠিত করার লড়াইয়ের মধ্য দিয়েই রাজ্য মন্ত্রিসভায় জায়গা করে নিলেন ক্ষুদিরাম টুডু। একসময় মাওবাদী প্রভাবিত ও আতঙ্কে জর্জরিত বাঁকুড়ার রানিবাঁধের বাগডুবি গ্রামের এই ভূমিপুত্র আজ বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকারের অন্যতম মন্ত্রী। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় তাঁর অন্তর্ভুক্তি ঘিরে আদিবাসী সমাজে তৈরি হয়েছে নতুন আশার সঞ্চার।

শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বকীয়তায় আলাদা নজর কাড়েন ক্ষুদিরাম টুডু। মাতৃভাষা সাঁওতালিতে শপথ গ্রহণের পাশাপাশি তাঁর পোশাকেও ফুটে ওঠে আদিবাসী সংস্কৃতির ঐতিহ্য। ফলে মঞ্চে উপস্থিত বহু মানুষের কাছেই তিনি হয়ে ওঠেন বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।

রাজনীতির মাটিতে ক্ষুদিরামের উত্থান সহজ ছিল না। জঙ্গলমহলের অশান্ত সময়, মাওবাদী আতঙ্ক এবং অনুন্নয়নের আবহের মধ্যেই তিনি আদিবাসী সমাজের পাশে দাঁড়িয়ে সংগঠন গড়ে তুলেছিলেন। সেই দীর্ঘ পথচলার স্বীকৃতি মিলল রাজ্যের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে। যদিও এখনও তাঁর দপ্তর ঘোষণা হয়নি, তবুও আদিবাসী অধ্যুষিত এলাকায় তাঁর মন্ত্রী হওয়াকে ঘিরে উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

শপথ নেওয়ার পর ক্ষুদিরাম টুডু স্পষ্ট জানান, আদিবাসীদের উন্নয়নই তাঁর প্রথম অগ্রাধিকার। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা আদিবাসী হোস্টেলগুলি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভুয়ো এসটি সার্টিফিকেট ইস্যুর অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপও করা হবে।

তবে সাধারণ মানুষের একাংশ এখনও সতর্ক আশাবাদী। তাঁদের মতে, অতীতে বহু প্রতিশ্রুতি মিললেও বাস্তবে উন্নয়নের ছবি খুব একটা বদলায়নি। পশ্চিম বর্ধমানের আদিবাসী সমাজের অনেকেই এখন দেখতে চাইছেন, ক্ষুদিরাম টুডু শুধুই প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকেন নাকি বাস্তব কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেন।

অন্যদিকে বিজেপি কর্মীদের দাবি, নতুন সরকার কথার রাজনীতি নয়, কাজের রাজনীতিতে বিশ্বাসী। তাঁদের মতে, আদিবাসী সমাজের প্রকৃত উন্নয়ন এবং অধিকার রক্ষায় ক্ষুদিরাম টুডুর ভূমিকা আগামী দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

জঙ্গলমহলের অন্ধকার অতীত পেরিয়ে আজ ক্ষুদিরাম টুডুর মন্ত্রিসভায় পৌঁছে যাওয়া শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বহু মানুষের স্বপ্ন ও প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছে।

বাগডুবি থেকে মন্ত্রিসভা, আদিবাসী সমাজের নতুন মুখ ক্ষুদিরাম টুডু বাগডুবি থেকে মন্ত্রিসভা, আদিবাসী সমাজের নতুন মুখ ক্ষুদিরাম টুডু Reviewed by Social Tribal News Journalist on May 10, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.