জামুড়িয়া -: অজয় নদের বুকে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে অবৈধ বালু কারবার— এমনই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জামুড়িয়ার চুরুলিয়া ফাঁড়ি এলাকা। তালডাঙা সহ অজয় নদ সংলগ্ন একাধিক বালিঘাটে প্রকাশ্যে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ তুলে বুধবার বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী ও স্থানীয় গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরেই অজয় নদ থেকে অবৈধভাবে বালু তোলা চলছে। বুধবার বিজেপি কর্মীরা বালিঘাট এলাকায় পৌঁছতেই সেখানে থাকা একাধিক ডাম্পার, ট্র্যাক্টর ও জেসিবি মেশিনের চালকরা গাড়ি ফেলে পালিয়ে যায় বলে দাবি করা হয়। স্থানীয়দের বক্তব্য, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের কাছে বৈধ চালান বা সরকারি অনুমতির নথি চাওয়া হলেও কেউই তা দেখাতে পারেননি।
বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রশাসন অবৈধ কয়লা ও বালু সিন্ডিকেটের বিরুদ্ধে একের পর এক অভিযান চালালেও এখনও কিছু অসাধু চক্র গোপনে সেই কারবার চালিয়ে যাচ্ছে। তাঁদের অভিযোগ, অজয় নদের মাঝ বরাবর নির্বিচারে বালু কাটার ফলে একদিকে যেমন সরকারি রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনই নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ মারাত্মক বিপদের মুখে পড়ছে।
জামুড়িয়া বিজেপি মণ্ডল গ্রামীণ-১ এর সভাপতি পিনাকি রায় বলেন, “রাজ্যে কোনও ধরনের অবৈধ ব্যবসা চলতে দেওয়া হবে না। সরকার বেআইনি কয়লা ও বালু মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে। তবুও কিছু অসাধু ব্যক্তি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই কারবার চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। বৈধ কাজের প্রতি আমাদের কোনও আপত্তি নেই, কিন্তু অবৈধ ব্যবসা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।” তিনি জানান, পুরো ঘটনার বিষয়ে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
বিক্ষোভে উপস্থিত বিজেপি কর্মী কৈলাশ বাউরি অভিযোগ করেন, অতীতে অবৈধ বালু খননের জেরে অজয় নদ সংলগ্ন এলাকায় ভূগর্ভস্থ জলের স্তর অনেকটাই নেমে গিয়েছিল। ফলে বহু গ্রামে জলসংকট তৈরি হয়েছিল। তাঁর কথায়, “অবৈধ বালু উত্তোলন শুধু নদী নয়, গোটা পরিবেশের জন্য বিপজ্জনক। সাধারণ মানুষের স্বার্থে এই কারবার সম্পূর্ণ বন্ধ হওয়া জরুরি।”
স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের কাছে নিয়মিত নজরদারি ও কড়া অভিযানের দাবি তুলেছেন। তাঁদের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা না নিলে আগামী দিনে অজয় নদের প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ঘটনার পর অবৈধ বালু কারবার নিয়ে নতুন করে সরগরম হয়ে উঠেছে গোটা এলাকা।
Reviewed by Social Tribal News Journalist
on
May 21, 2026
Rating:


No comments: