পুলিশ সূত্রে খবর, গভীর রাতে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি চারচাকা গাড়িতে তল্লাশি চালানো হয়। সেই সময় গাড়ির ভিতরে ছোট ছোট প্যাকেটে মজুত বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। পরে সেগুলিকে ১৪টি বস্তায় ভরে বাজেয়াপ্ত করা হয়। পুলিশ গাড়িটিকেও আটক করেছে।
তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। উদ্ধার হওয়া গাড়িটিতে ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো থাকলেও, গাড়ির ভিতর থেকে ওড়িশার একটি ভুয়ো নম্বর প্লেট উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে এই ঘটনার যোগ থাকতে পারে।
অভিযানের সময় গাড়ির চালক ও তার এক সঙ্গী অন্ধকারের সুযোগ নিয়ে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই গাড়ির চালক ও মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে রানীগঞ্জ থানার বিশেষ দল।
এলাকাবাসীর মতে, সাম্প্রতিক সময়ে রানীগঞ্জ ও আশপাশ এলাকায় মাদক পাচারের ঘটনা বেড়ে চলেছে। পুলিশের এই বড়সড় অভিযানের ফলে একদিকে যেমন পাচারচক্রের বিরুদ্ধে কড়া বার্তা গেল, তেমনি এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
May 17, 2026
Rating:



No comments: