নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: জামুড়িয়ার ভূতবাংলা এলাকার শ্যামসেল এন্ড পাওয়ার লিমিটেড -এর সিআরএম ইউনিটে মঙ্গলবার সকালে ঠিকা শ্রমিকদের বিক্ষোভকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। দীর্ঘদিনের একাধিক সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। কারখানার মূল প্রবেশদ্বারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।
বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, নির্ধারিত ৮ ঘণ্টার পরিবর্তে তাঁদের দিয়ে প্রায়শই ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হচ্ছে। কিন্তু অতিরিক্ত সময় কাজ করলেও সেই অনুযায়ী বাড়তি মজুরি দেওয়া হয় না। পাশাপাশি ছুটি নেওয়া নিয়েও নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ শ্রমিকদের একাংশের।
শ্রমিকদের আরও দাবি, কারখানায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। প্রয়োজনীয় পরিকাঠামোর অভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে হচ্ছে তাঁদের। বহুবার কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনও স্থায়ী সমাধান মেলেনি বলেই দাবি বিক্ষোভকারীদের।
এদিনের বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য কারখানা চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে খবর পেয়ে কারখানার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। শ্রমিকদের দাবিগুলি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
যদিও শ্রমিকদের স্পষ্ট বক্তব্য, সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।
Reviewed by Social Tribal News Journalist
on
May 19, 2026
Rating:

No comments: