ডিউটিরত সিভিক ভলান্টিয়ারকে পিষে দিল দ্রুতগতির পিকআপ ভ্যান, মৃত্যুতে শোকের ছায়া ডুবুরডিহি চেকপোস্টে
কুলটি -: পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত কুলটি থানার ডুবুরডিহি চেকপোস্ট এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ডিউটিরত এক সিভিক ভলান্টিয়ার। মৃতের নাম রমন সাহা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পাশাপাশি এক কর্তব্যনিষ্ঠ কর্মীর অকালমৃত্যুতে শোকস্তব্ধ সহকর্মী থেকে স্থানীয় বাসিন্দারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে ডুবুরডিহি চেকপোস্টে ট্র্যাফিক নিয়ন্ত্রণের কাজে নিযুক্ত ছিলেন রমন সাহা। সেই সময় ঝাড়খণ্ডের দিক থেকে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান আসানসোলের দিকে আসছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটির গতি ছিল অত্যন্ত বেশি। চেকপোস্টের কাছে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি সজোরে ধাক্কা মারে ডিউটিতে থাকা রমন সাহাকে।
ধাক্কার তীব্রতায় তিনি রাস্তার অনেকটা দূরে ছিটকে পড়েন এবং গুরুতর জখম হন। দুর্ঘটনার পরই অভিযুক্ত গাড়িচালক ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যায়। ঘটনায় তৎক্ষণাৎ তৎপর হন চেকপোস্টে থাকা পুলিশকর্মী ও স্থানীয় বাসিন্দারা। গুরুতর আহত অবস্থায় রমন সাহাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। সহকর্মীদের অনেকেই জানান, রমন সাহা অত্যন্ত দায়িত্ববান ও কর্তব্যনিষ্ঠ কর্মী ছিলেন। ডিউটিরত অবস্থায় তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে ক্ষোভও প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, পলাতক পিকআপ ভ্যান ও তার চালককে চিহ্নিত করতে সীমান্ত এলাকা ও চেকপোস্ট সংলগ্ন বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হবে।
এই ঘটনায় ফের প্রশ্নের মুখে রাতের সড়ক নিরাপত্তা ও সীমান্তবর্তী এলাকায় বেপরোয়া যান চলাচল। স্থানীয়দের দাবি, চেকপোস্ট এলাকায় আরও কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক।
Reviewed by Social Tribal News Journalist
on
May 18, 2026
Rating:

No comments: