নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর খুশির আবহে ভাসছে আসানসোল। শহরের আসানসোল রামকৃষ্ণ মিশনের ছাত্র অভিষেক দাস রাজ্যের মেধাতালিকায় দশম স্থান অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করেছে। মোট ৬৮৮ নম্বর পেয়ে এই সাফল্য অর্জন করেছে সে। বাংলা, জীবনবিজ্ঞান এবং গণিতে ১০০-র মধ্যে ১০০ নম্বর পেয়ে সকলকে চমকে দিয়েছে অভিষেক।
আসানসোলের শহিদ সুকুমার পল্লির বাসিন্দা অভিষেক অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে। তাঁর বাবা অসিত দাস একটি বেসরকারি ডিস্ট্রিবিউটরের অধীনে ডেলিভারির কাজ করেন এবং মা ঝুমা দাস গৃহবধূ। সীমিত সামর্থ্যের মধ্যেও ছেলের পড়াশোনায় কোনও খামতি রাখেননি তাঁরা। সেই পরিশ্রমই আজ সাফল্যের আলো হয়ে ধরা দিয়েছে।
শুক্রবার সকালে ফল প্রকাশের পর থেকেই অভিষেকের বাড়িতে শুভেচ্ছা জানানোর ভিড় উপচে পড়ে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী থেকে শুরু করে বন্ধুবান্ধব—সকলেই ফোন ও বাড়িতে এসে শুভেচ্ছা জানান। বাড়িতে মিষ্টিমুখের মধ্য দিয়ে উদযাপন করা হয় এই বিশেষ মুহূর্ত।
নিজের সাফল্য নিয়ে অভিষেক জানায়, “ভালো ফলের আশা ছিল, কিন্তু রাজ্যের প্রথম দশে থাকব, তা কখনও ভাবিনি। এই কৃতিত্ব আমার বাবা-মা, স্কুলের মহারাজ এবং শিক্ষকদের।”
পড়াশোনার বিষয়ে অভিষেক জানায়, শিক্ষকদের পরামর্শ মেনেই নিয়মিত পড়াশোনা করত সে। দিনের ব্যস্ততার কারণে রাতে পড়াশোনা করতে বেশি স্বচ্ছন্দ ছিল। অবসর সময়ে গল্পের বই পড়তে ভালোবাসে সে। খেলাধুলায় খুব বেশি আগ্রহ না থাকলেও ক্রিকেট ও ফুটবল দেখতে পছন্দ করে।
ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে অভিষেক। ইতিমধ্যেই মেডিক্যাল প্রবেশিকার প্রস্তুতিও শুরু করেছে সে।
ছেলের এই সাফল্যে আবেগাপ্লুত বাবা অসিত দাস বলেন, “আজ খুব আনন্দ হচ্ছে। আমাদের সাধ্যের মধ্যে ছেলের সব চাহিদা পূরণ করার চেষ্টা করেছি। ওর এই সাফল্য আমাদের গর্বিত করেছে।”
Reviewed by Social Tribal News Journalist
on
May 08, 2026
Rating:

No comments: