মেয়রের চেম্বারে মমতার ছবি সরানো ঘিরে তীব্র বিতর্ক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শুভেন্দুর ছবি টাঙানোকে কেন্দ্র করে উত্তাল আসানসোল পুরনিগম, ডিএম-এর দ্বারস্থ তৃণমূল
আসানসোল -: আসানসোল পুরনিগমের মেয়রের চেম্বারকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। অভিযোগ, পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের দফতরে ঢুকে বিজেপি কর্মীরা সেখানে লাগানো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেন। পরে সেই জায়গায় দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি টাঙানো হয়।
ঘটনার সময় মেয়রের পদত্যাগের দাবিতে চেম্বারের ভিতরে ব্যাপক বিক্ষোভ ও স্লোগানবাজিও চলে বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কংগ্রেস। মেয়র বিধান উপাধ্যায়ের নেতৃত্বে পুরনিগমের একাধিক কাউন্সিলর, বোরো চেয়ারম্যান ও মেয়র পরিষদের সদস্যরা জেলা শাসকের দফতরে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়েছে।
মেয়র বিধান উপাধ্যায় বলেন, সরকারি দফতরের ভিতরে এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জেলা শাসকের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারের কাছেও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে, যাতে ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়।
Reviewed by Social Tribal News Journalist
on
May 20, 2026
Rating:

No comments: