যীশু হেমব্রম, দুর্গাপুর -: দুর্গাপুরের সিটি সেন্টারের ভগত সিং ক্রীড়াঙ্গনের পাশ এখন কার্যত আদিবাসী আন্দোলনের কেন্দ্রস্থল। শিক্ষা, জমির অধিকার, পুনর্বাসন ও কর্মসংস্থানের দাবিতে টানা ৫৫ দিন ধরে লাগাতার ধর্নায় সামিল দিশম আদিবাসী গাঁওতার সদস্যরা। দীর্ঘ আন্দোলনের জেরে প্রশাসনের উপর চাপ বাড়তেই শনিবার ধর্নামঞ্চে হাজির হন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি।
ধর্নারতদের অভিযোগ, বছরের পর বছর ধরে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিকে উন্নয়নের মূলস্রোত থেকে দূরে রাখা হয়েছে। শিক্ষা থেকে জমির অধিকার, পুনর্বাসন থেকে কর্মসংস্থান— প্রতিটি ক্ষেত্রেই বঞ্চনার শিকার হতে হয়েছে আদিবাসী সমাজকে। সেই ক্ষোভ থেকেই নির্বাচনের আগে ছয় দফা দাবিকে সামনে রেখে শুরু হয়েছে এই লাগাতার আন্দোলন।
আন্দোলনকারীদের দাবির তালিকায় রয়েছে— কাঁকসার আদিবাসী এলাকায় ইংরেজি মাধ্যম স্কুল চালু, আদিবাসীদের জমির পাট্টা প্রদান, খনি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন, আইকিউ সিটিতে জমি হারানো পরিবারগুলির চাকরির ব্যবস্থা এবং এসআইআর তালিকা থেকে বাদ পড়া নাম পুনরায় অন্তর্ভুক্ত করা। পাশাপাশি আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের দাবিও জোরালোভাবে তোলা হয়েছে।
ধর্নামঞ্চ থেকে মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেন, “আগের সরকার আদিবাসীদের জমির পাট্টা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে।” তিনি জানান, এলাকার বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, লক্ষণ ঘড়ুই এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এছাড়াও কাঁকসার পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলের বিভিন্ন সমস্যা নিয়েও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
তবে আশ্বাসে আপাতত সন্তুষ্ট না হয়ে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ফলে নির্বাচনের আগে আদিবাসী অসন্তোষকে ঘিরে দুর্গাপুরের রাজনৈতিক পারদ যে আরও চড়তে চলেছে, তা বলাই বাহুল্য।
Reviewed by Social Tribal News Journalist
on
May 16, 2026
Rating:


No comments: