নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: শুক্রবার ভোরের আলো ফোটার আগেই পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ শহরে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) অতর্কিত অভিযানে চাঞ্চল্য ছড়াল। এনএসবি রোডের শিশুবাগান মোড় এলাকায় প্রাচীন চাল ব্যবসায়ী অজয় কয়ালের বাড়িতে এই তল্লাশি অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে খবর, ভোর প্রায় ৫টা নাগাদ চারটি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ইডির আধিকারিকদের একটি দল সেখানে পৌঁছায়। তাদের সঙ্গে ছিল সিআইএসএফ জওয়ানরাও। বাড়িতে ঢুকেই শুরু হয় দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান। একইসঙ্গে ব্যবসায়ীর সঙ্গে যুক্ত একাধিক স্থানে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানা গেছে।
অজয় কয়াল রানীগঞ্জের অন্যতম পরিচিত ও প্রাচীন চাল ব্যবসায়ী। শুধু রাজ্য বা দেশের বাজারেই নয়, বিদেশের একাধিক দেশেও তার ব্যবসার বিস্তার রয়েছে বলে সূত্রের দাবি। পাশাপাশি নাগাল্যান্ড-সহ দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীদের সঙ্গে তার যোগাযোগের তথ্যও সামনে এসেছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আর্থিক লেনদেন সংক্রান্ত কোনও অসঙ্গতি বা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। যদিও ইডির পক্ষ থেকে এ বিষয়ে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।
জানা গেছে, কয়াল পরিবারের অধীনে পাঁচ থেকে ছয়টি খাদ্য সরবরাহকারী সংস্থা রয়েছে, যা পরিবারের একাধিক সদস্য মিলে পরিচালনা করেন। দীর্ঘদিন ধরেই রানীগঞ্জে তাদের ব্যবসা সুপ্রতিষ্ঠিত।
Reviewed by Social Tribal News Journalist
on
April 10, 2026
Rating:

No comments: