আসানসোল -: বিধানসভা নির্বাচন ২০২৬-এর দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হচ্ছে। সেই আবহেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বিজেপির মনোনয়ন পর্ব ঘিরে বুধবার দেখা গেল বড়সড় শক্তি প্রদর্শন, যা কার্যত নির্বাচনী লড়াইয়ের আগাম বার্তা দিল।
এদিন আসানসোল দক্ষিণ থেকে অগ্নিমিত্রা পাল, কুলটি থেকে ডাঃ অজয় পোদ্দার, জামুড়িয়া থেকে ডাঃ বিজন মুখার্জি এবং বারাবনি কেন্দ্র থেকে অরিজিৎ রায় বিপুল জনসমর্থনের মধ্য দিয়ে পশ্চিম বর্ধমান জেলার আসনসোল মহুকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দেন। অন্যদিকে, আসানসোল উত্তর কেন্দ্রের প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি ইতিমধ্যেই মহকুমা শাসকের দপ্তরে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়ন জমাকে কেন্দ্র করে সকাল থেকেই আসানসোল শহর জুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় চোখে পড়ে। দলীয় পতাকা, ঢাক-ঢোল এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। কার্যত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ, যা রাজনৈতিক উত্তেজনাকে আরও উসকে দেয়।
এই কর্মসূচিকে ঘিরে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। তাঁর উপস্থিতি কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা সৃষ্টি করে এবং গোটা মনোনয়ন প্রক্রিয়াটি এক বিশাল শক্তি প্রদর্শনে পরিণত হয়।
উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় পশ্চিম বর্ধমান জেলার ৯টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে এই অঞ্চলে রাজনৈতিক দলগুলির প্রচার ও সংগঠনিক তৎপরতা ইতিমধ্যেই তুঙ্গে পৌঁছেছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, আসানসোল ও সংলগ্ন এলাকায় এবারের লড়াই অত্যন্ত হাড্ডাহাড্ডি হতে চলেছে। প্রতিটি দলই নিজেদের সংগঠন শক্তি ও জনসমর্থনের ওপর ভর করে এগোতে চাইছে।
সব মিলিয়ে, মনোনয়ন পর্বেই শক্তি প্রদর্শনের মাধ্যমে বিজেপি স্পষ্ট বার্তা দিয়েছে—এই নির্বাচনে কোনও পক্ষই একচুল জমি ছাড়তে রাজি নয়। এখন নজর ভোটের বাক্সে, যেখানে এই জনসমাগম ও প্রচারের প্রভাব কতটা পড়ে, সেটাই হবে আসল পরীক্ষার মঞ্চ।
Reviewed by Social Tribal News Journalist
on
April 01, 2026
Rating:

No comments: