প্রতিবেদক, রানীগঞ্জ -: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে রানীগঞ্জে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি প্রার্থী পার্থ ঘোষের প্রাক্তন স্ত্রী পিঙ্কি সিনহা মঙ্গলবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। রানীগঞ্জের অমৃত কুঞ্জ আশ্রম সংলগ্ন এলাকায় আয়োজিত এক নির্বাচনী সভায় তৃণমূল প্রার্থী কালো বরন মণ্ডল তাঁকে দলের পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
সভায় উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি পার্থ দেবাসী, জেলা সাধারণ সম্পাদক রূপেশ যাদব, টাউন কমিটির সভাপতি জ্যোতি সিং, সহ একাধিক নেতা-কর্মী।
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে খাঁদড়ার বাসিন্দা পিঙ্কি সিনহা নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “আমি চাই না, আমার মতো কষ্ট আর কোনো মহিলাকে সহ্য করতে হোক।” তিনি আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই রাজ্যের মহিলারা নিরাপদ।
সূত্রের খবর, ২০০৪ সালে পার্থ ঘোষের সঙ্গে পিঙ্কি সিনহার বিবাহ হয় এবং ২০০৭ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী কালো বরন মণ্ডল বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, “বিজেপি নারী সুরক্ষার বড় বড় কথা বললেও, তাদের নিজেদের প্রার্থীর অতীত অন্য বাস্তবতা তুলে ধরে।” তিনি আরও অভিযোগ করেন, পিঙ্কির ওপর নির্যাতনের ঘটনাও ঘটেছিল।
অন্যদিকে, সভায় উপস্থিত বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান। তিনি বলেন, “বিজেপি শুধু মিথ্যা, জুমলা এবং ফাঁকা প্রতিশ্রুতির রাজনীতি করে।” পাশাপাশি তিনি দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয় নিশ্চিত এবং রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষেই রায় দেবে।
এই ঘটনাকে ঘিরে রানীগঞ্জে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে এবং নির্বাচন-পূর্ব পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
Reviewed by Social Tribal News Journalist
on
April 14, 2026
Rating:

No comments: