রানীগঞ্জে আত্মপ্রকাশ ‘প্রেস ক্লাব অফ শিলপাঞ্চল’-এর সাংবাদিকদের জন্য মিলল নিজস্ব ঠিকানা, এক ছাদের নিচে ঐক্যের বার্তা
রানীগঞ্জ, বুধবার -: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রানীগঞ্জে আত্মপ্রকাশ করল ‘প্রেস ক্লাব অফ শিলপাঞ্চল’-এর অস্থায়ী কার্যালয়। শহরের ষষ্ঠীগোড়িয়া এলাকায় পূজা-অর্চনার মধ্য দিয়ে এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই কার্যালয়ের। উপস্থিত বিশিষ্টজনদের মতে, এই উদ্যোগ রানীগঞ্জের সাংবাদিক মহলে এক নতুন দিগন্তের সূচনা করল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলপাঞ্চলের বিশিষ্ট সাংবাদিক প্রদীপ সুমন। পাশাপাশি উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক বিমল দেব গুপ্তা, দলজিৎ সিং ওয়াধওয়া, কলকাতা উচ্চ আদালতের আইনজীবী স্বপ্নিল মুখার্জি, চিকিৎসক ডা. এস মাজি, আলী হোসেন,বোরো চেয়ারম্যান মুজামিল সহজাদা ,পার্থো দেবাসী, জয়দেব খাঁ, সন্দ্বীপ ভালোটিয়া, ইনরহুইল ক্লাব অফ রানীগঞ্জের সভাপতি অনিশা ভূবলকা দুবে, সম্পাদক শ্বেতা বর্ণওয়াল, সাদন সিং, ধর্মেন্দ্র রায় সহ বহু গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আসানসোল, দুর্গাপুর, জামুড়িয়ার মতো এলাকায় সাংবাদিকদের জন্য প্রেস ক্লাব থাকলেও এতদিন রানীগঞ্জে এমন কোনও পরিকাঠামো ছিল না। ফলে স্থানীয় সাংবাদিকদের মধ্যে একটি স্থায়ী কেন্দ্রের অভাব দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল।
নতুন এই প্রেস ক্লাব সেই শূন্যতাই পূরণ করবে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। তাঁদের মতে, এটি শুধু সাংবাদিকদের মিলনকেন্দ্রই নয়, বরং সমাজের বিভিন্ন সমস্যা, জরুরি পরিস্থিতি কিংবা জনস্বার্থের বিষয় নিয়ে দ্রুত সমন্বয়ের ক্ষেত্র হিসেবেও কাজ করবে।
রানীগঞ্জে এই উদ্যোগ সাংবাদিকদের পেশাগত সংহতি বাড়ানোর পাশাপাশি সংবাদমাধ্যম ও সমাজের মধ্যে সেতুবন্ধন আরও মজবুত করবে বলেই আশাবাদী সকলে।
Reviewed by Social Tribal News Journalist
on
April 15, 2026
Rating:


No comments: