Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

ভোটের আগে ‘ধর্ষক’ পোস্টার ঘিরে উত্তাল জামুড়িয়া, চরমে রাজনৈতিক তরজা


 জামুড়িয়া -: ভোটের আর মাত্র দু’দিন বাকি। তার আগেই জামুড়িয়া বিধানসভা কেন্দ্র জুড়ে তীব্র রাজনৈতিক বিতর্কের ঝড় তুলল একাধিক বিতর্কিত পোস্টার। বিজেপি প্রার্থী ডা. বিজন মুখার্জির বিরুদ্ধে ‘ধর্ষক’ হওয়ার অভিযোগ তুলে কেন্দুলিয়া এলাকায় ছড়িয়ে পড়া এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পোস্টারে সরাসরি বিজেপি প্রার্থীকে “রেপিস্ট” আখ্যা দিয়ে সাধারণ মানুষকে তাঁকে ভোট না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। শুধু তাই নয়, পোস্টারে উল্লেখ করা হয়েছে, ২০০৬ সালে নিজের বাড়িতে কাজ করা এক গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দাবি করা হয়েছে, ঘটনার পর নির্যাতিতা থানায় অভিযোগ দায়ের করলে দুর্গাপুজোর অষ্টমীর দিন পুলিশ তাঁকে গ্রেফতার করতে বাড়িতে পৌঁছয়। যদিও পরে আপস ও আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয় বলেও পোস্টারে দাবি করা হয়েছে।

প্রায় দুই দশক পুরনো এই অভিযোগকে সামনে এনে ভোটের ঠিক আগে পোস্টার পড়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে—এটি কি পরিকল্পিত চরিত্রহননের চেষ্টা, নাকি পুরনো অভিযোগের নতুন করে উত্থাপন?

অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বিজেপি প্রার্থী ডা. বিজন মুখার্জি পাল্টা আক্রমণে সরব হয়েছেন। তাঁর কথায়, “একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ তার চরিত্র। তৃণমূল কংগ্রেস বুঝে গিয়েছে তারা হেরে যাচ্ছে, তাই এই ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। ২০০৬ সালে আমি কলকাতায় ছিলাম, এই ঘটনার সঙ্গে আমার কোনও যোগ নেই।” তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল সমর্থিতরাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের পোস্টার লাগিয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। তাঁর দাবি, “জামুড়িয়ার মানুষ বিজেপির পাশেই রয়েছে, এখানে জয় আমাদের নিশ্চিত।”

অন্যদিকে, এই বিতর্ক থেকে নিজেদের সম্পূর্ণ দূরে সরিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী হরে রাম সিং স্পষ্ট ভাষায় বলেন, “এই ধরনের পোস্টারবাজির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। এতে আমাদের কোনও লাভও নেই, ক্ষতিও নেই।” কটাক্ষের সুরে তিনি যোগ করেন, “বিজেপি প্রার্থী এখন দিন-রাত শুধু তৃণমূলকেই দেখছেন, তাই সবকিছুর জন্য আমাদেরই দোষ দিচ্ছেন।” তাঁর দাবি, আসন্ন নির্বাচনে বিজেপি প্রার্থীর পরাজয় নিশ্চিত এবং জামুড়িয়ার মানুষ তৃণমূলকেই সমর্থন জানাবে।

ভোটের মুখে এই পোস্টার-কাণ্ড ঘিরে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। তবে এই অভিযোগের সত্যতা নিয়ে প্রশাসনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। ফলে ভোটের আগে এই ইস্যু আরও কতদূর গড়ায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

ভোটের আগে ‘ধর্ষক’ পোস্টার ঘিরে উত্তাল জামুড়িয়া, চরমে রাজনৈতিক তরজা ভোটের আগে ‘ধর্ষক’ পোস্টার ঘিরে উত্তাল জামুড়িয়া, চরমে রাজনৈতিক তরজা Reviewed by Social Tribal News Journalist on April 21, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.