রানীগঞ্জে বিজেপির কর্মীসভায় গর্জে উঠলেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষান রেড্ডি, “৪মে এর পর বাংলায় পদ্ম ফুটবেই”
রানীগঞ্জ -: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বিজেপিও জোরকদমে প্রচারে নেমেছে। সেই ধারাবাহিকতায় রবিবার পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে অনুষ্ঠিত হল এক বড় কর্মীসভা।
রানীগঞ্জ স্পোর্টস অ্যাসেম্বলিতে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষান রেড্ডি। তিনি রানীগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী পার্থ ঘোষ-এর সমর্থনে কর্মীসভায় যোগ দেন। সভায় তাঁকে ফুল ও সংবর্ধনা দিয়ে বরণ করে নেন বিজেপির কর্মী-সমর্থকরা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী বলেন, “আগামী ৪মে এর পর পশ্চিমবাংলায় পদ্ম ফুটবে এবং নতুন সূর্য উদয় হবে।” তিনি আরও বলেন, সাধারণ মানুষের সমস্যা সমাধানে তিনি সর্বদা পাশে থাকবেন এবং প্রয়োজনে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।
বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে তিনি দাবি করেন, “যারা দীর্ঘদিন রাজত্ব করেছে এবং বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে, তারা উন্নয়নের ক্ষেত্রে ব্যর্থ। বিজেপি সরকার এলে প্রকৃত উন্নয়ন হবে।” পাশাপাশি, রানীগঞ্জের বিভিন্ন সমস্যার কথা ইতিমধ্যেই তাঁর কাছে তুলে ধরেছেন পার্থ ঘোষ বলেও জানান তিনি।
অন্যদিকে, বিজেপি প্রার্থী পার্থ ঘোষ কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ‘ডবল ইঞ্জিন সরকার’ গড়ার আহ্বান জানান। তিনি বলেন, “রানীগঞ্জের বিভিন্ন এলাকায় জনসংযোগে ব্যাপক সাড়া মিলেছে। এবারের নির্বাচনে রানীগঞ্জ সহ গোটা পশ্চিমবাংলায় বিজেপি সরকার গড়বে।” পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হয়ে যাওয়া শিল্পগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে।
এই কর্মীসভায় উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিজেপি নেতা শামসের সিং সহ বহু কর্মী ও সমর্থক। সভাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ওঠে।
Reviewed by Social Tribal News Journalist
on
April 19, 2026
Rating:

No comments: