নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ, মঙ্গলবার -: প্রচণ্ড গরম আর ঝলসে দেওয়া রোদের তীব্রতাকে কার্যত উপেক্ষা করেই আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে শক্তি প্রদর্শনে নামল বিজেপি শিবির। রানীগঞ্জ থানার অন্তর্গত জে কে নগর এলাকায় অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য ও জনবহুল রোড শো, যেখানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
রোড শো ঘিরে শুরু থেকেই ছিল চোখে পড়ার মতো উন্মাদনা। দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। হাজার হাজার কর্মী-সমর্থকের উপস্থিতি এই কর্মসূচিকে কার্যত জনসমাবেশের চেহারা দেয়। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের ভিড়ও ছিল লক্ষণীয়।
রোড শো চলাকালীন অগ্নিমিত্রা পাল এবং রেখা গুপ্তাকে এক ঝলক দেখতে উপচে পড়ে ভিড়। তাঁদের উপস্থিতিতে বিজেপি কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা দেখা যায়। বারবার স্লোগানে মুখরিত হয় জে কে নগরের রাজপথ, যা স্পষ্টভাবেই নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপের ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে, কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। রানীগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা এলাকাকে ঘিরে রেখে নজরদারি চালান।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই রোড শো যে বিজেপির পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা দেওয়ার প্রচেষ্টা, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
April 21, 2026
Rating:

No comments: