রানীগঞ্জ -: জাতীয় সড়ক-১৪-এর গির্জাপাড়া এলাকায় রবিবার সন্ধ্যায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃতের নাম শম্ভু রাউত (৫৫)। তিনি কলেজপাড়ার বাসিন্দা এবং তিলক রোড এলাকায় ‘কচৌড়ি ওয়ালা’ নামে অত্যন্ত পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় গির্জাপাড়ার মূল সড়ক পার হচ্ছিলেন শম্ভু রাউত। সেই সময় রানীগঞ্জ থেকে মেজিয়া অভিমুখে যাওয়া একটি দ্রুতগতির মোটরবাইক হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশেপাশের মানুষ দ্রুত সাহায্যের জন্য ছুটে আসেন।
খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় শম্ভু রাউত ও বাইক আরোহী যুবককে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা শম্ভু রাউতকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আহত বাইক আরোহীর নাম অনীশ মুখার্জি (২৪)। তিনি মঙ্গলপুর এলাকার একটি বেসরকারি কারখানায় কর্মরত এবং কাজ সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। বর্তমানে তিনি রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার সঠিক কারণ জানতে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়, বিশেষত পরিচিত মুখ শম্ভু রাউতের অকাল প্রয়াণে স্থানীয়দের মধ্যে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
April 05, 2026
Rating:

No comments: