রানীগঞ্জ -: আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ি পুলিশের তৎপরতায় একটি বাস থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার এবং এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত সংলগ্ন এলাকায় অবৈধভাবে নগদ অর্থ পাচারের সম্ভাবনার খবর পাওয়ার পর থেকেই পুলিশ বিশেষ নজরদারি শুরু করে। সেই অনুযায়ী সোমবার বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ সাহেবগঞ্জ মোড়ে নাকা চেকিং চলাকালীন “চৈতালি” নামের একটি বাসকে থামানো হয়।
তল্লাশির সময় বাসের এক যাত্রীর কাছ থেকে ৩ লক্ষ ৭২ হাজার ৬৩২ টাকা নগদ উদ্ধার হয়। ধৃতের নাম অরূপ আগরওয়াল, তিনি বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের বাসিন্দা বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অরূপ আগরওয়াল পেশায় ডাল ব্যবসায়ী এবং ব্যবসায়িক কাজে রানীগঞ্জে আসছিলেন। তবে এত বড় অঙ্কের নগদ অর্থ বহনের কোনও বৈধ নথি তিনি দেখাতে না পারায় পুলিশ তাকে আটক করে।
বর্তমানে উদ্ধার হওয়া নগদের উৎস ও এর ব্যবহার নিয়ে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের এই তৎপরতা ও সতর্কতাকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।
Reviewed by Social Tribal News Journalist
on
April 06, 2026
Rating:

No comments: