Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

বাঁশড়ায় ‘কন্টিনিউয়াস মাইনিং’ ঘিরে বিস্ফোরক ক্ষোভ, কোলিয়ারি ঘেরাও করে তীব্র বিক্ষোভ



যীশু হেমব্রম, রানীগঞ্জ -: দীর্ঘদিনের অভিযোগ উপেক্ষিত হওয়ায় অবশেষে ক্ষোভে ফেটে পড়ল রানীগঞ্জের আমড়াশতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁশড়া আদিবাসী গ্রামের মানুষ। শুক্রবার কয়েকশো গ্রামবাসী বাঁশড়া কোলিয়ারির এজেন্ট অফিস ঘেরাও করে তীব্র বিক্ষোভ দেখান এবং কোলিয়ারির পরিবহণ ব্যবস্থা ও সংলগ্ন রাস্তা অবরোধ করে দেন। ফলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই তারা লিখিতভাবে ইসিএল কর্তৃপক্ষ ও কোলিয়ারি এজেন্টকে জানিয়ে আসছেন যে তাদের এলাকায় ‘কন্টিনিউয়াস মাইনিং’ কোনওভাবেই মেনে নেওয়া হবে না। কিন্তু সেই আপত্তি অগ্রাহ্য করেই প্রকল্প চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা নিয়ে ক্ষোভ চরমে পৌঁছেছে।
বিক্ষোভকারীদের আশঙ্কা, এই ধরনের খনি কার্যক্রম শুরু হলে খোলা মুখ খনি থেকে বেল্টের মাধ্যমে কয়লা উত্তোলনের ফলে গোটা এলাকা ঘন কালো ধুলোয় ঢেকে যাবে। এতে মারাত্মক পরিবেশ দূষণ ঘটবে এবং শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক সমস্যার ঝুঁকি বাড়বে। তাদের দাবি, এতে গ্রামটি বসবাসের অযোগ্য হয়ে পড়বে।
এদিন বিক্ষোভে অংশ নেওয়া বহু আদিবাসী গ্রামবাসীর হাতে দেখা যায় ঐতিহ্যবাহী তীর-ধনুক, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। কয়েক ঘণ্টা ধরে চলা এই আন্দোলনের মধ্যে ইসিএল-এর এজেন্টের হাতে নতুন করে একটি স্মারকলিপি তুলে দেন বিক্ষোভকারীরা।
আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি সঞ্জয় হেমব্রম বলেন, “গত কয়েক মাস ধরে আমরা ইসিএল কর্তৃপক্ষ ও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ জানিয়েছি। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই আজ আন্দোলনে নামতে হয়েছে।”
ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। যদিও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
এই ঘটনায় ইসিএল-এর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাঁশড়ায় ‘কন্টিনিউয়াস মাইনিং’ ঘিরে বিস্ফোরক ক্ষোভ, কোলিয়ারি ঘেরাও করে তীব্র বিক্ষোভ বাঁশড়ায় ‘কন্টিনিউয়াস মাইনিং’ ঘিরে বিস্ফোরক ক্ষোভ, কোলিয়ারি ঘেরাও করে তীব্র বিক্ষোভ Reviewed by Social Tribal News Journalist on April 10, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.