রানীগঞ্জ -: পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ থানার অন্তর্গত অমৃতনগর কোলিয়ারি সংলগ্ন জঙ্গলে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃত ব্যক্তি অমৃত নগর এলাকারয় বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম বিক্রমজিত সিং (৩৫)। স্থানীয় বাসিন্দারা প্রথমে জঙ্গলের ভিতর দেহটি পড়ে থাকতে দেখে খবর দেন পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার নিমচা ফাঁড়ির পুলিশ।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বিক্রমজিত সিং গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। তিনি জামুড়িয়ার একটি বেসরকারি কারখানায় কর্মরত ছিলেন। মৃতের বাবা মহেশ প্রসাদ সিং জানান, বুধবার রাত থেকেই ছেলে নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজখবর চালানো হয়, কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও জানান, শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে তাঁর ছেলের নিথর দেহ। পরিবারের দাবি, এটি একটি খুনের ঘটনা হতে পারে। যদিও মৃত্যুর সঠিক কারণ এখনো স্পষ্ট নয়।
পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, গোটা ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রানীগঞ্জ থানার পুলিশ। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Reviewed by Social Tribal News Journalist
on
April 17, 2026
Rating:

No comments: